পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শিশুদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী ও টেকসই সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি গতকাল শনিবার আগ্রাবাদের একটি কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে সমাজে বিভিন্ন ধরনের নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাং এবং ইয়াবাসহ মাদকের বিস্তার উদ্বেগজনক। এসব সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিকল্প নেই।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, তরিকুল ইসলাম তানভীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











