ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ, আধুনিক বিশেষায়িত হাসপাতাল ও আন্তর্জাতিক মানের রেফারেন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠার কথা উঠে এসেছে একটি গোলটেবিল বৈঠকে। ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময়োপযোগী চিকিৎসা এবং ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধের লক্ষ্যে ডায়াবেটিস প্রিভেনশন এডুকেশন প্রোগ্রামের (ডিপিইপি) উদ্যোগে গত ২৭ নভেম্বর নগরীর একটি হোটেলে ওই বৈঠক হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিইপির আহ্বায়ক প্রফেসর ডা. শাহরিয়ার আহমদ মিলন। তিনি ডায়াবেটিস প্রতিরোধে সম্মিলিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রিপন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. নায়না নাজির, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন মাহমুদ, বিআইটিআইডি হাসপাতালের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদুর রশিদ, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিনহাজুল আলম, ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ভূঁইয়া রাফিস, চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. সুমন রমন চৌধুরী, কনসালট্যান্ট ডা. মাসুদ করিম, এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস ও কনসালট্যান্ট ডা. সৌরভ সরকার, কনসালট্যান্ট ডা. শায়লা কবির, ডা. খোরশেদ আনোয়ার, কনসালট্যান্ট ডা. শামীম, প্রফেসর ডা. তফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে শুধু রোগ নির্ণয় যথেষ্ট নয়। প্রাথমিক পর্যায় থেকেই যথাযথ চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং হৃদ্রোগ, কিডনি, চোখ ও স্নায়ুর জটিলতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া চট্টগ্রামের ডায়াবেটিস চিকিৎসাসেবাকে আরও আধুনিক, সমন্বিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি গুরুত্ব পায়।
এ লক্ষ্যে চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার আধুনিকায়ন, প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল ও আধুনিক প্রযুক্তির সংযোজন, একটি পূর্ণাঙ্গ ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষায়িত হাসপাতাল/ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের রেফারেন্স ল্যাবরেটরি গড়ে তোলার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইআরএলের সিএমও ডা. তৌহিদুল আনোয়ার মাসুম।












