আনোয়ারায় আ.লীগের মশাল মিছিল, বিএনপির প্রতিরোধের চেষ্টা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় একই সময়ে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকরা এসব মিছিল করেন বলে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন । মিছিলকারীদের হাতে মশাল, লগি-বইঠা ও লাঠিসোঁটা দেখা যায়।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের পরপরই বিএনপির নেতাকর্মীদেরও পাল্টা মিছিল করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নে প্রথম মশাল মিছিল বের হয়। এরপর হাইলধর, বরুমচড়া, বটতলী, বৈরাগ, বারখাইন ও বারশতসহ বিভিন্ন ইউনিয়নে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা সরে পড়েন।

এদিকে মিছিলকে কেন্দ্র করে উপজেলার হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি দোকান ভাঙচুরের খবরও পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা নাশকতার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিএনপির নেতাকর্মীরাও মিছিল করেন। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধশৈশবে ছুড়ে ফেলেছিল হাতি ২০ বছর পরও একই ঘটনা
পরবর্তী নিবন্ধডায়াবেটিস প্রতিরোধে কর্মপরিকল্পনা গ্রহণ ও বিশেষায়িত হাসপাতালে গুরুত্ব