বান্দরবানে বালু উত্তোলন ও পাচার, ড্রেজারে বিপর্যস্ত ছড়া-খাল

আলাউদ্দীন শাহরিয়ার, বান্দরবান | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় পাহাড়ের ছড়া–খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে একটি প্রভাবশালী অস্ত্রধারী সিন্ডিকেট। প্রতিদিন প্রায় তিন শতাধিক ডাম্পার ট্রাকে এসব বালু পাচার করা হচ্ছে কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের লোহাগাড়াসহ বিভিন্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেটের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এতে হুমকির মুখে পড়েছে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও জনবসতি।

স্থানীয়দের তথ্যমতে, বাইশারী ইউনিয়নের লামা–নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী কাগজিখোলা এলাকায় অন্তত ১৮টি পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ের ছড়া–খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, রাসেল গংয়ের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র পরিবেশ ও প্রচলিত বিধিবিধান উপেক্ষা করে এসব বালু উত্তোলন, মজুদ ও পাচার করছে। একইভাবে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকাতেও চলছে অবৈধ বালু উত্তোলন।

স্থানীয়দের অভিযোগ, কাগজিখোলা এলাকায় বালু উত্তোলনের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বালু তোলা হচ্ছে। এসব বালু ডাম্পার ট্রাকে করে পাচার করা হচ্ছে পার্শ্ববর্তী চকরিয়া ও লোহাগাড়ায়। বালু পরিবহনে ব্যবহৃত ভারী ডাম্পার ট্রাকের অবাধ চলাচলে স্থানীয় সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ছড়া–খালের স্বাভাবিক প্রবাহ ও তলদেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বাড়ছে নদীভাঙনের ঝুঁকি। হুমকির মুখে পড়ছে সরকারি অর্থায়নে নির্মিত সড়ক, কালভার্ট ও সেতু। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের ফসলি জমি ও বসতভিটা। পাহাড়ি ছড়া–খালের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যও পড়ছে বিপর্যয়ের মুখে। গত ২০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কাগজিখোলা এলাকায় অভিযান চালিয়ে মজুদ করা প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বালু জব্দ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরও বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও পাচার অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) লামা উপজেলা সভাপতি রুহুল আমিন বলেন, পাহাড়ের ছড়া–খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। কাগজিখোলা এলাকায় একাধিক পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এসব বালু প্রতিদিন ডাম্পার ট্রাকে করে পাচার করা হচ্ছে। একই সঙ্গে লামার পূর্বচাম্বী এলাকাতেও অবৈধ বালু উত্তোলন চলছে। অবৈধ উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। স্থানীয় বাসিন্দা বেলাল আহমেদ ও মোহাম্মদ রফিক অভিযোগ করে বলেন, বালু উত্তোলন ও পাচার কার্যক্রমের সঙ্গে ফাঁসিয়াখালী, লোহাগাড়া ও সাতকানিয়ার কয়েকটি সংঘবদ্ধ সশস্ত্র গ্রুপ জড়িত। মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তারা বালু উত্তোলন এবং ডাম্পার ট্রাকে পরিবহন নিয়ন্ত্রণ করছে। তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। পরিবেশ বিপর্যয় ঠেকাতে যৌথ বাহিনীর সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনার দাবি জানান তারা।

বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, কোনো অবৈধ বালু ব্যবসায়ী যেন সুযোগ না পায়, তা বিবেচনা করা হবে।

স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পাহাড়ের প্রাকৃতিক সম্পদ ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও স্থানীয় জনজীবনের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধসাইকেল চালিয়ে এভারেস্ট অঞ্চলের কয়েকটি পর্বতশৃঙ্গ জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শুরু হলো ‘সুরে সুরে নজরুলযাত্রা’