মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের উন্নয়ন ঘটাতে হবে

বোয়ালখালীতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে ডিসি

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কোনো ডিপার্টমেন্টের বা সংগঠনের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সত্যিকারের উন্নয়ন চাই, তাহলে শুধুমাত্র বিল্ডিং ও রাস্তাঘাটের উন্নয়ন করলেই হবে না, আমাদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের উন্নয়ন ঘটাতে হবে। প্রধানমন্ত্রী দেশকে একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে শতভাগ উজাড় করে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার প্রত্যয়ে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেষে উপজেলা সদরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। সবশেষে পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের জমাদারহাটে ও বেলছা দিয়ে ময়লা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ–সভাপতি নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন–উর রশিদ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের, প্রেস ক্লাব বোয়ালখালীর সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাত-পা কাঁপা, চলাচলে ধীরগতি কেবল বার্ধক্যজনিত সমস্যা নয়