দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমে যাওয়া, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে দীর্ঘদিনের স্থবিরতা এবং আমদানি নির্ভরতা বৃদ্ধি দেশের জ্বালানি নিরাপত্তাকে ক্রমে হুমকির মুখে ফেলছে। শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সার উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়লেও দেশীয় উৎস থেকে উৎপাদন কমছে। বিদ্যমান বাস্তবতায় সরকার নতুন করে স্থলভাগ ও সমুদ্র এলাকায় তেল–গ্যাস অনুসন্ধান, পুরোনো কূপ সংস্কার, নতুন কূপ খনন, ভূকম্পন জরিপ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে।
সূত্র জানিয়েছে, দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে একদিকে যেমন বড় ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, অন্যদিকে বাস্তবায়নের গতি, নতুন আবিষ্কার, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনেও চেষ্টা চলছে। বাংলাদেশের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাসের মজুত মাত্র ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। ইতোমধ্যে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলো থেকে ২২ দশমিক ১১ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। দেশে আবিষ্কৃত মোট গ্যাসের মজুত ছিল প্রায় ২৯ দশমিক ৭৪ টিসিএফ। আবিষ্কৃত গ্যাসের মোট উত্তোলনযোগ্য মজুতের বেশির ভাগই ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে বর্তমান উত্তোলন ও সরবরাহ পরিস্থিতিতে অবশিষ্ট মজুত আগামী কয়েক বছরের মধ্যে ফুরিয়ে যাবে।
এই অবস্থায় পুরোনো গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন ধরে রাখার পাশাপাশি নতুন গ্যাসের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন প্রায় ১ হাজার ৫৭০ থেকে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুটের মধ্যে ওঠানামা করছে। বিদেশি কোম্পানির পরিচালিত গ্যাসক্ষেত্রগুলো থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে। উৎপাদন কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন এবং বিদ্যমান কূপের সংস্কারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গ্যাস উৎপাদনে রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) দেশীয় অনুসন্ধান ও উৎপাদনের প্রধান দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিদেশি কোম্পানি শেভরনসহ অন্যান্য অপারেটরও উৎপাদনে অবদান রাখছে।
দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত প্রায় ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের পাশাপাশি এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হয় প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট। দেশের মোট গ্যাস সরবরাহের একটি বড় অংশ এখন আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। এ নির্ভরতা বাড়ার ফলে আন্তর্জাতিক বাজারে এলএনজির মূল্য বৃদ্ধি, সরবরাহ সংকট কিংবা পরিবহন সমস্যার প্রভাব সরাসরি দেশের জ্বালানি খাতে পড়ছে।
পেট্রোবাংলার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট। অথচ সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন গ্যাসের বড় ঘাটতি বিরাজ করছে। এ ঘাটতির কারণে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে সরকার ২০৩১ সালের মধ্যে মোট ১৫০টি গ্যাসকূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ১০৪টি নতুন কূপ খনন এবং ৪৬টি পুরোনো কূপের ওয়ার্কওভার বা সংস্কার করা হবে। এসব কূপ থেকে দৈনিক অতিরিক্ত ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সূত্র বলেছে, ১৫০ কূপ কর্মসূচির আওতায় ৩২টি কূপের কাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে অতিরিক্ত গ্যাস সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে দৈনিক ২৭০ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রাথমিকভাবে দৈনিক ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ১১টি কূপ খননের কাজ চলছে।
এই কর্মসূচির আওতায় বাপেঙ, বিজিএফসিএল ও এসজিএফএল তিতাস, বাখরাবাদ, রশিদপুর, ভোলা, শাহবাজপুর, সৃকাইল, ফেঞ্চুগঞ্জ, সুন্দরলপুর, মুবরাকপুরসহ বিভিন্ন এলাকায় কূপ খনন ও ওয়ার্কওভারের কার্যক্রম চালাচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে উৎপাদন কমে যাওয়ার প্রবণতা কমে আসবে।
নতুন গ্যাস আবিষ্কারের জন্য গুরুত্ব দিয়ে সিসমিক সার্ভে করা হচ্ছে উল্লেখ করে সূত্র জানায়, মাটির নিচের গঠন, সম্ভাব্য গ্যাসের স্তর এবং নতুন গ্যাসক্ষেত্রের অবস্থান শনাক্ত করতে ২ডি ও ৩ডি সিসমিক সার্ভে কার্যক্রম চালানো হচ্ছে। সরকারের পরিকল্পনায় প্রায় ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক সার্ভের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন অনুসন্ধান কূপ কোথায় খনন করা হবে সে বিষয়ে বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে।
৭ ও ৯ ব্লক এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এসব তথ্য বিশ্লেষণের কাজ চলছে। পাশাপাশি হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্র সংলগ্ন এলাকায় ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার চরফ্যাশন, জামালপুর এবং তিতাস–হবিগঞ্জ–নরসিংদী এলাকার আশপাশেও নতুন জরিপের পরিকল্পনা রয়েছে। এসব জরিপে সম্ভাবনাময় ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করা গেলে ভবিষ্যতে নতুন অনুসন্ধান কূপ খননের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
দেশের স্থলভাগের পাশাপাশি বঙ্গোপসাগরে তেল–গ্যাস অনুসন্ধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে সমুদ্র এলাকায় অনুসন্ধানের গতি প্রত্যাশিত পর্যায়ে না থাকলেও সাম্প্রতিক সময়ে সরকার নতুন অফশোর বিডিং রাউন্ড চালু করেছে। এ কর্মসূচির আওতায় বঙ্গোপসাগরের মোট ২৬টি ব্লকে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে তেল–গ্যাস অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ১১টি অগভীর সমুদ্রের ব্লক এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লক রয়েছে।
গভীর সমুদ্রের ব্লকগুলোতে অনুসন্ধানের জন্য উন্নত প্রযুক্তি, বিপুল বিনিয়োগ, উচ্চ সক্ষমতার ড্রিলিং রিগ এবং ঝুঁকি গ্রহণে সক্ষম আন্তর্জাতিক খ্যাতনামা কোম্পানিগুলোকে আনার চেষ্টা করছে সরকার। অফশোর বিডিং রাউন্ডে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসি কাঠামো প্রণয়ন করা হয়েছে। চুক্তিতে বিনিয়োগকারীদের জন্য মুনাফা দেশে নেওয়ার সুযোগ, তুলনামূলক আকর্ষণীয় গ্যাসমূল্য নির্ধারণ পদ্ধতি, নির্দিষ্ট সীমার মধ্যে ব্যয় পুনরুদ্ধার, আমদানি করা অনুসন্ধান সরঞ্জামে শুল্ক সুবিধা এবং বিনিয়োগ সুরক্ষার মতো বিষয়গুলোকে এই কাঠামোতে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে বিড জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে আগামী ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। বিদেশি কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে তথ্য প্যাকেজের মূল্য কমানো এবং ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহের সুযোগ সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।
অফশোর বিডিংয়ে ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক কোম্পানি আগ্রহ দেখিয়েছে। চীনের সিনোপেক ও সিএনওওসি ইন্টারন্যাশনাল এবং তুরস্কের টিপিএওসহ কয়েকটি কোম্পানি দরপত্র সংগ্রহ করেছে। এছাড়া এঙনমোবিল, বিপি, এনিসহ বড় আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ ও আগ্রহ তৈরির প্রচেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।
সমুদ্র এলাকার গ্যাস সরবরাহের পর্যায়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে উল্লেখ করে পেট্রোবাংলার দায়িত্বশীর একটি সূত্র জানায়, সাগরে অনুসন্ধান শুরু হলে প্রথমে ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ, সিসমিক সার্ভে, ব্লক মূল্যায়ন, অনুসন্ধান কূপ খনন এবং পরবর্তী পর্যায়ে আবিষ্কৃত সম্পদের পরিমাণ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করার পরই গ্যাস সরবরাহের পর্যায়ে আসবে।
ভোলায় আবিষ্কৃত গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ভোলা–বরিশাল–জাজিরা–মাওয়া–আমিনবাজার পর্যন্ত পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংযোগ বাস্তবায়িত হলে দ্বীপাঞ্চলে থাকা গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা এবং দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের সুযোগ বাড়বে।
সরকার বাপেঙের অনুসন্ধান ও খনন সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন ড্রিলিং রিগ কেনারও উদ্যোগ নিয়েছে। ২ হাজার ও ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতার দুটি নতুন রিগ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। নতুন রিগ যুক্ত হলে কূপ খননের সক্ষমতা বাড়ার পাশাপাশি বিদেশি ঠিকাদারের ওপর নির্ভরতা কমে আসবে।









