পটিয়া ও মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা হামলা

আজাদী ডেস্ক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

পটিয়া ও মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোররাতে মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে ব্যাংকের দুটি শাখার ফটক ও দেয়ালে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংক দুটি। এ ঘটনায় দুই শাখার দুই নৈশপ্রহরী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পিংঙ্গলায় গ্রামীণ ব্যাংকের শাখায় গতকাল ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় ব্যাংকের দুই নৈশপ্রহরী মো. ফজল কাদের ও আবদুর রহমান দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনজন মুখোশধারী ব্যক্তি এসে স্প্রে মেশিনের সাহায্যে ব্যাংকের দিকে অকটেন বা কেরোসিন জাতীয় পদার্থ ছিটিয়ে দেয়। পরে দাহ্য পদার্থভর্তি দুটি বোতল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে ব্যাংকের মূল ফটকে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরী আবদুর রহমান পায়ে আঘাত পান। পরে দুই নৈশপ্রহরী বালু, পানি ও অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।

পটিয়া থানার এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে টহল দলের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুই মুখোশধারী ব্যক্তি ককটেলজাতীয় কিছু একটা নিক্ষেপ করেছেন। এর পরপরই তারা পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী এসে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, পেট্রোল বোমা হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তাবে ব্যাংক কতৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জন্য পুলিশ কাজ করছে।

এদিকে মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই সদরস্থ গ্রামীণ ব্যাংকের শাখায় গতকাল ভোররাতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের সামনে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের সাইনবোর্ড, গেট ও দেয়ালে আগুন ধরে যায়। পরে নাইটগার্ড ও ব্যাংকের কর্মকর্তারা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।

মীরসরাই সদরস্থ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার অফিস করে আমি ও কিছু স্টাফ বাড়িতে চলে যাই। শনিবার সকালে জানতে পারি এই অগ্নিকাণ্ডের ঘটনা। আমাদের নাইটগার্ড রনজিত কুমার নাথ বাইরেই পাহারারত ছিল। হঠাৎ ভোরবেলা আলো ফোটার আগে বাইরের অন্ধকারের গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুষ্কৃতিকারী কয়েকটি পেট্রোল বোমা আমাদের অফিসের সম্মুখ অংশের সাইনবোর্ড সহ গেটের ভেতর ও ২য় তলার দিকে ছুড়ে মারে। এতে ওয়ালে ও গেটে আগুন ধরে গেলে গার্ড সবাইকে ফোন দেয়া শুরু করে। আমাদের উপরের তলায় অবস্থানরত প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেন সহ অন্যান্যরা ছুটে আসে। সবাই মিলে আগুণ নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আবার মীরসরাই থানা থেকে পুলিশ এসে বিভিন্ন আলামত ও ঘটনাস্থলের আশেপাশে টহল দেয়। কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে এতে কোনো প্রকার ক্ষতি হয়নি।

মীরসরাই থানার ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনা তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে স্থানীয়দের সাথে কাগতিয়া দরবারের অনুসারীদের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধটেস্টকে বিদায় জানাচ্ছেন মুশফিক