ফের সংস্কার হচ্ছে কালুরঘাট সেতু

বুয়েট টিমের তত্ত্বাবধান প্রথম ধাপের কাজ শেষ হবে মার্চে, এরপর সার্ভে করে হবে দ্বিতীয় দফার কাজ

শুকলাল দাশ | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলী টিমের তত্ত্বাবধানে শতবর্ষী কালুরঘাট সেতু ২০২৩ সালে সংস্কার করা হয়েছিল। সেতুটিতে পুনরায় সংস্কার কাজ শুরু হয়েছে। প্রথম ধাপের সংস্কার কাজ আগামী মার্চে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর বুয়েটের বিশেষজ্ঞ দল পুনরায় সার্ভে করবে। সেই রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় দফা সংস্কার কাজ শুরু হবে বলে গতকাল জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) এম রিয়াসাদ ইসলাম। তিনি বলেন, সেতুর পিলারের গোড়ার চারপাশ থেকে পানির স্রোতে মাটি সরে যাওয়ায় গর্তের সৃষ্টি হয়েছে। প্রথম দফায় সেখানে জিওব্যাগ ফেলা হচ্ছে। প্রথম দফা সংস্কার কাজ শেষ হলে বুয়েটের প্রকৌশলীরা পুনরায় সার্ভে করে দেখবেন জিওব্যাগগুলো পিলারের জায়গা মতো পড়েছে কি না। এরপর দ্বিতীয় দফায় সংস্কার কাজ শুরু হবে।

রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, বুয়েটের অনুসন্ধানে সেতুর বেশ কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছে। প্রধান ত্রুটিসমূহ হচ্ছে, ইস্পাতের ক্ষয় ও মরিচা ধরে সেতুর ডেক স্ল্যাবে পানি জমে থাকা এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে স্টিল গার্ডার, স্টিংগার ও ক্রস বিমগুলোতে ক্ষয় দেখা দেয়। দ্বিতীয় দফায় এগুলো সংস্কার করা হবে।

রেলওয়ের সংশ্ল্লিষ্ট প্রকৌশলীরা জানান, ঢাকা–কক্সবাজার রুটে ভারী ট্রেন চলাচলের জন্য ২০২৩ সালের ১ আগস্ট বুয়েটের তত্ত্বাবধানে কালুরঘাট সেতুতে প্রায় ১৪ মাস সংস্কার কাজ করা হয়েছিল। তিন বছর পর বুয়েটের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে পুনরায় সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। সেতুর পিলারের গোড়ায় জিওব্যাগ ফেলা হচ্ছে। অর্ধশতাধিক শ্রমিক প্রতিদিন সেতুর দুই পাশে দুটি বড় আকারের নৌযান (পল্টুন) থেকে জিওব্যাগভর্তি বালুর বস্তা ফেলছেন।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম আজাদীকে বলেন, নদীর তীব্র স্রোতের কারণে সেতুর কয়েকটি পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় পিলারের চারপাশে জিওব্যাগ ফেলা হচ্ছে। বুয়েটের প্রকৌশলীদের তত্ত্বাবধানে সেতুর পিলারগুলোকে ঝুঁকিমুক্ত করার জন্য জিওব্যাগ ফেলা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) এম রিয়াসাদ ইসলাম বলেন, এই সেতু দিয়ে ঢাকা–কঙবাজার রুটের ট্রেন চলাচল করে। তাই সেতুর সক্ষমতা ধরা রাখার জন্য বুয়েট প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে বেশ কিছু সংস্কার কাজ করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, কালুরঘাট সেতুর কাঠামোগত মূল্যায়ন ও সংস্কার নিয়ে বুয়েটের একাধিক সমীক্ষা রয়েছে। এতে ইস্পাতের ক্ষয় ও মরিচা ধরে সেতুর ডেক স্ল্যাবে পানি জমে থাকা এবং সড়ক যানবাহনের অতিরিক্ত চাপের কারণে স্টিল গার্ডার, স্টিংগার ও ক্রস বিমগুলোতে ক্ষয় হয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এই সেতু দিয়ে প্রতিদিন ঢাকা–কঙবাজার রুটের ৫ জোড়া ভারী (আন্তঃনগর) ট্রেন চালাচল করে। শুরু থেকে কঙবাজার রেলপথ রেলওয়ের গুরুত্বপূর্ণ এবং লাভজনক রেলপথে পরিণত হয়েছে। সারা দেশে যাত্রীদের কাছে দিন দিন এ পথের গুরুত্ব বাড়ছে। নতুন সেতু নির্মাণ না হওয়ায় পুরনো সেতুটি বুয়েটের তত্ত্বাবধানে আবার সংস্কার করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই বন্যহাতি আবার লোকালয়ে
পরবর্তী নিবন্ধছেলের পাত্রী দেখে ফেরা হলো না বাবার