নগরের শতাধিক স্থানে আজ রোববার থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচির নামে কেউ যাতে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য অবস্থানে থাকবেন নেতাকর্মীরা। বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী নগর বিএনপি কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
কর্মসূচি সফল করতে গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। নাজিমুর রহমান বলেন, বিজয়ের মাসের তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলীয় মাসব্যাপী কর্মসূচি যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও উৎসাহের সঙ্গে পালন করতে হবে। এজন্য মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে সহিংসতা বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম ও ইয়াসিন চৌধুরী লিটন।










