আটটি গুলির ক্ষত নিয়ে লোকালয়ে হাতি, ঢিল ছুড়ে তাড়াল মানুষ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৪:৪৫ অপরাহ্ণ

পাহাড়ি রাস্তা। দুই পাশে ঘন বন। সেখানে এক পা উঁচু করে তিন পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকালয়ের দিকে আসছিল একটি হাতি। আহত আর ক্লান্ত হাতিটির দিকে সেখানে জড়ো হওয়া মানুষজন ঢিল ছুড়ছিলেন। তিন পায়ে খুঁড়িয়ে সেটি আবার জঙ্গলের দিকে যেতে চেষ্টা করে। তবে চলাফেরায় অক্ষম হয়ে পড়ায় বনের প্রান্তে সেটি আবারও থেমে যায়। এরপর এলাকার মানুষজন আবারও ঢিল ছুড়তে থাকেন হাতিটির দিকে।

কক্সবাজারের টেকনাফে শরীরে আটটি গুলির ক্ষত নিয়ে একটি বন্যহাতি এভাবেই লোকালয়ে ফিরে আসে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নে হাতিটির উপস্থিতি দেখা যায়। স্থানীয় সূত্র ও বন বিভাগ জানিয়েছে, এ সময় কয়েকটি বসতঘর ও সুপারিবাগান ক্ষতিগ্রস্ত হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়, শত শত মানুষ হাতিটিকে দেখতে ভিড় করেন।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ক্ষতির পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। পরে বন বিভাগের কর্মীরা গিয়ে সেটিকে লোকালয় থেকে সরিয়ে দেন। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, হাতিটি বসতঘরে ঢুকলে লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে সেটিকে বনের দিকে ফেরানোর চেষ্টা করেন। বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টায় ছিল।
তৌহিদুল ইসলামের ধারণা, গুলিতে পায়ের হাড়ের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে এখনো ব্যথা আছে। এ কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলতে না পেরে বারবার লোকালয়ে চলে আসছে। তিনি বলেন, হাতিটিকে অন্য কোনো নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা দেওয়া যায় কি না, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা সম্পন্ন না হওয়ায় হাতিটির স্বাভাবিক জীবনে ফেরা নিয়েও উদ্বেগ আছে।

যেভাবে এই পরিস্থিতি
গত বুধবার (১৮ নভেম্বর) বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দল দুর্গম পাহাড়ে খুঁজে হাতিটিকে ট্রাংকুলাইজার দিয়ে অচেতন করে চিকিৎসা দেয়। প্রায় পাঁচ ঘণ্টার ওই চিকিৎসায় শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া যায়। ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানান, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর ধারণা, হাতিটি পুরোপুরি সুস্থ হবে না, তবে আগের চেয়ে কিছুটা ভালো থাকতে পারে।

চিকিৎসা শেষে হাতিটি উঠে দাঁড়ালে তার পুরুষ সঙ্গী পাশে আসে। দুটি হাতি ধীরে ধীরে বনে ফিরে যায়। গতিবিধি দেখতে পরবর্তী পাঁচ দিন ড্রোনে নজর রাখার সিদ্ধান্ত নেয় বন বিভাগ। এর মধ্যেই হাতিটি আজ আবার লোকালয়ে এল।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আগে জানিয়েছিলেন, পাহাড়ে থাকা কোনো সন্ত্রাসী গোষ্ঠী গুলি করেছে বলে তাঁদের ধারণা। কারা গুলি করেছে, তা শনাক্তে অনুসন্ধান শুরু হয়েছিল। সেই অনুসন্ধানের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়কে নিহত বাবা