ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সংস্পর্শে অস্বাভাবিক রক্তক্ষরণ, ঋতুচক্রের সমস্যা এমনকি গর্ভপাতের শিকার হওয়ার অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। নারীবাদী সংগঠন ‘ল্যাক্রিমো দ্য সাং’ জানিয়েছে, অক্টোবরে দেশটিতে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ১০ হাজার নারী ও কিশোরীর অভিজ্ঞতা সংগ্রহ করে এ তথ্য জানায় । খবর বাংলানিউজের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্যগত প্রভাব নিয়ে ৯ হাজার ২০০ জনের বেশি নারী ও কিশোরীর বক্তব্য সংগ্রহ করেছে। তাদের মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে তীব্র জরায়ুর ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ এবং অনিয়মিত ঋতুস্রাব। সংগৃহীত তথ্য অনুযায়ী, গর্ভবতী ৪৭ জন উত্তরদাতার মধ্যে ১৫ জন গর্ভপাতের কথা জানিয়েছেন। আরও ১৭ জন গর্ভাবস্থায় সংকোচন, ব্যথা কিংবা রক্তক্ষরণের অভিজ্ঞতার কথা বলেছেন। দুইজনকে জরুরি স্ত্রীরোগ চিকিৎসাও নিতে হয়েছে।
গত ১৭ অক্টোবর ফ্রান্সে বিক্ষোভের চরম পর্যায়ে পুলিশ প্রায় ২২ হাজার কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর দুই দিন পর থেকেই অনেক নারী অস্বাভাবিক রক্তক্ষরণ ও শারীরিক সমস্যার কথা জানাতে শুরু করেন। বিশেষ করে ২০ বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে উপসর্গের হার বেশি বলে জানিয়েছে সংগঠনটি। তবে কাঁদানে গ্যাসের সঙ্গে এসব শারীরিক সমস্যার সরাসরি কারণগত সম্পর্ক এখনও বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে গবেষণাও সীমিত। প্যারিসের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, কাঁদানে গ্যাসে থাকা রাসায়নিক উপাদান জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ঝুঁকি তৈরি করতে পারে।












