ফটিকছড়িতে সিদ্দিকে আকবর হিফজখানা ও এতিমখানার উদ্বোধন উপলক্ষে সভা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল পঞ্চবাড়ি আমতলী টিলা এলাকায় ‘সিদ্দিকে আকবর (রা.) নূরানী, হিফজখানা ও এতিমখানা’র কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পৌরসভার আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মরহুম নূরবানু ফাউন্ডেশনের বাস্তবায়নে মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন নুরু। এদিন তিনি নিজেই উপস্থিত থেকে কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ নুর উদ্দিন নুরু বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার আয়ের অর্ধেকই মানুষের কল্যাণে ব্যয় করি। আমি নিজেও একজন এতিম সন্তান। তাই এতিমদের কষ্ট আমি বুঝি। এই এতিমখানা ও মাদ্রাসার উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব।” রুহুল আমিন সওদাগরের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইফুদ্দীন মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাহ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটিয়া হক কমিটি শাখার সভাপতি মুহাম্মদ এমদাদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম বালি, আহমদ রহিম সওদাগর, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ–সভাপতি আবুল মনসুর, মুহাম্মদ নবীর হোসেন, মুহাম্মদ বাহাদুর ও মোহাম্মদ আবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী দুর্গাপাড়ায় দামোদর উৎসব