ইটভাটার আগুনে পুড়ছে পাহাড়, ধ্বংস হচ্ছে পরিবেশ

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

পাহাড় প্রকৃতির অমূল্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে পাহাড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকায় পাহাড় ও ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের।

অপরিকল্পিতভাবে পাহাড় কাটা ও মাটি পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ছে পাহাড়ধস, ভূমিক্ষয় ও আকস্মিক বন্যার ঝুঁকি। ধ্বংস হচ্ছে বন্য প্রাণীর আবাসস্থল। বিশেষ করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও আশপাশের বনাঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে।

পাহাড় কাটা এবং কৃষিজমির উপরিভাগের মাটি ইট তৈরিতে ব্যবহার নিষিদ্ধ হলেও এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ কতটুকু নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তাই পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত অভিযান এবং নিয়মিত নজরদারি জরুরি। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তি, মাটি সরবরাহকারী ও অবৈধ ইটভাটার মালিকদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে হবে।

উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে প্রকৃতি ধ্বংস করে নয়। মনে রাখতে হবে, পাহাড় বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই নিরাপদ থাকবে আমাদের ভবিষ্যৎ।

আলমগীর আলম

পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধঅন্যের প্রত্যাশা আর নিজের অস্তিত্বের টানাপোড়েন