সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুব আলম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটির মা বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। গত বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত মাহবুব আলমকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার মেয়েকে নির্জন স্থানে নিয়ে যান মাহবুব। পরে শিশুটি পেটব্যথায় রাতে ঘুমাতে না পারায় তিনি বিষয়টি জানতে চান। তখন কান্নার মধ্যে শিশুটি তাকে ঘটনার কথা জানায়। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য অভিযুক্ত ব্যক্তি তাকে ও তার মেয়েকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। শিশুটির মা আরও বলেন, এর আগেও মাহবুব তার মেয়ের সঙ্গে একই ধরনের অপরাধ করার চেষ্টা করেছিলেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ হেফাজতের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-মমতাজ সবুর সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ