রাউজানে নির্মাণাধীন ভবনের সাটারিং খুলতে গিয়ে বিম ও সানশেড ধসে মো. সেলিম (৪৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের পুরাতন হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উরকিরচর ইউনিয়নের পূর্ব উরকিরচর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। আহত অপর শ্রমিকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ঢালাই করা বিম ও সানশেডের সাটারিং খুলতে গিয়েছিলেন সেলিমসহ দুই নির্মাণশ্রমিক। এ সময় সাটারিংসহ বিম ও সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, সানশেড ও বিমের নিচে গাঁথুনি না থাকায় এবং ঝুলন্ত বিম ও সানশেডের ঢালাই মজবুত না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সেলিমের শ্যালক মনছুর আলম মোবাইল ফোনে বলেন, তার মেজ বোনের স্বামী রাজমিস্ত্রির কাজ করার সময় বিম ও সানশেড ভেঙে চাপা পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, ঘটনার বিষয়ে কেউ তাদের জানায়নি।









