কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন সাত মিনিটের জন্য বন্ধ করা গেলেও আবার জ্বলে উঠেছে। ৩০ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে গতকাল বৃহস্পতিবার সকালে চূড়ান্ত অভিযান চালায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। যান্ত্রিক প্রক্রিয়ায় গর্তের মুখ বন্ধ করার পর সাত মিনিটের মাথায় আবার আগুন জ্বলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন বন্ধ করা সম্ভব হয়নি। আজ শুক্রবার আরও জোরালোভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছে বাপেক্স।
অভিযানে নেতৃত্ব দেওয়া বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ কয়েক দিনের আনুষঙ্গিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার সকালে আগুন বন্ধের চূড়ান্ত অভিযান চালানো হয়। এ সময় আগুনের চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধ করা হয়। কিন্তু গর্তের মুখ বন্ধের সাত মিনিটের মাথায় আবার আগুন জ্বলে ওঠে।
রকিবুল হাসান বলেন, আমরা আগুন বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আবার আগুন ধরে যায়। মূলত গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়ায় এ ধরনের প্রক্রিয়ায় ফের আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে। এখানেও তেমনটি হয়েছে। তবে আমরা আশাবাদী, অল্প সময়ের মধ্যে চূড়ান্তভাবে আগুন বন্ধ করতে পারব। শুক্রবার আবার অভিযান চালানো হবে। আশা করছি, এবার আগুন পুরোপুরি বন্ধ করতে পারব।
তিনি জানান, প্রথমে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এতে সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
রকিবুল হাসান আরও বলেন, এটি শুধু একটি পকেট গ্যাসের ঘটনা নাও হতে পারে। তাদের প্রাথমিক মূল্যায়নে সেখানে একটি গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে। জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো বা মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।
জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের পরও আগুন না নেভায় বাপেক্সের বিশেষজ্ঞরা সেখানে বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন।
এরপর আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি ও সরঞ্জাম সংগ্রহ শেষে বৃহস্পতিবার চূড়ান্ত অভিযান চালানো হলেও তা সফল হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর সম্ভাব্য গ্যাসক্ষেত্রের মজুত ও বিস্তৃতি নির্ণয়ে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে বাপেক্সের।











