মাস্টারপ্ল্যান ইস্যুতে প্রকাশিত সংবাদ সম্পর্কে সিডিএ’র বক্তব্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে প্রণীত খসড়া মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান–এ ‘সামগ্রিক প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অর্র্থে’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) ‘অ্যাপেক্স অথরিটি’ উল্লেখ করা হয়নি বলে দাবি করেছে সিডিএ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজেদের এ অবস্থান তুলে ধরে সিডিএ। এতে বলা হয়, ‘চট্টগ্রামের আগামী ২৫ বছরের উন্নয়ন, অর্থনীতি, পরিবেশ, যোগাযোগব্যবস্থা ও বাসযোগ্যতার সঙ্গে এ মহাপরিকল্পনা সরাসরি সম্পৃক্ত। এটি কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি কিংবা অন্য প্রতিষ্ঠানের ক্ষমতা সংকুচিত করার দলিল নয়; বরং সকল প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে একটি অভিন্ন পরিকল্পনাগত কাঠামোর আওতায় সমন্বিত করার উদ্যোগ। একটি খসড়া পরিকল্পনার ওপর প্রাতিষ্ঠানিক মতামত প্রদানকে অপ্রয়োজনীয়ভাবে বিরোধ, দ্বন্দ্ব বা ক্ষমতার লড়াই হিসেবে উপস্থাপন করা সংগতিপূর্ণ নয়’।

উল্লেখ্য, সিডিএ প্রণীত খসড়া মাস্টারপ্ল্যানের উপর চসিকের গঠিত চার সদস্যের কারিগরি কমিটির একটি পর্যালোচনা প্রতিবেদেন সিডিএর কাছে পাঠায় চসিক। প্রতিবেদনে ট্রাফিক ও ট্রান্সপোর্ট, জলাবদ্ধতা, পরিবেশ, স্ট্রাকচার প্লান ও আনোয়ারা প্লান–এই পাঁচ খাতের সুনির্দিষ্ট ১৫টি বিষয়ে ‘আইনি অসঙ্গতি’ তুলে ধরে অসঙ্গতিগুলো দূরীকরণে সুপারিশও করা হয়। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিডিএ ‘শীর্ষ কর্তৃপক্ষ’, চসিক ‘সহযোগী’; উন্নয়ন পরিকল্পনা নিয়ে সমন্বয়হীনতার শঙ্কা’ শিরোনামে আজাদীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে পর্যালোচনা প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলোয় স্থান পেয়েছে। প্রতিবেদনের কোথাও মাস্টারপ্ল্যান ইস্যুতে চসিক–সিডিএর মধ্যকার বিরোধ ও ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে– এমন উপস্থাপন করা হয়নি।

এদিকে ‘সিডিএকে অ্যাপেঙ অথরিটি’ উল্লেখ করা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত মহাপরিকল্পনার মাধ্যমে সিডিএকে চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কেবল একটি অধীনস্থ বা সহযোগী সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এ ধরনের উপস্থাপন মহাপরিকল্পনার সংশ্লিষ্ট নীতিমালার প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটকে প্রতিফলিত করে না। খসড়া স্ট্রাকচার প্ল্যানের ‘পলিসি আইএনএস–১’–এ : স্ট্রেংদেনিং সিডিএ অ্যাজ দ্য লিড মেট্রোপলিটন প্ল্যানিং ইনস্টিটিউশন’–এর আওতায় মহানগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, জোনিং ও উন্নয়ন নিয়ন্ত্রণের ক্ষেত্রে চউকের সংবিধিবদ্ধ শীর্ষ পরিকল্পনা কর্তৃপক্ষের ভূমিকা শক্তিশালী করার কথা বলা হয়েছে। এখানে ‘অ্যাপেঙ অথরিটি’ শব্দটি সুনির্দিষ্ট পরিকল্পনাগত ও উন্নয়ন নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যপরিধির পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে; অন্য কোনো প্রতিষ্ঠানের ওপর সামগ্রিক প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অর্থে নয়’।

সিডিএ আরো জানায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী চসিকের স্বতন্ত্র আইনগত ক্ষমতা ও মর্যাদার প্রতি তারা সম্পূর্ণ শ্রদ্ধাশীল। মহাপরিকল্পনার মাধ্যমে চসিকের ক্ষমতা খর্ব করার কোনো উদ্দেশ্য সিডিএর নেই; বরং চসিকসহ সব প্রতিষ্ঠানের আইনসংগত ও কারিগরিভাবে গ্রহণযোগ্য সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

সিডিএ জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮–এর ৬ ও ১১ ধারায় মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণের ক্ষেত্রে চউকের আইনগত দায়িত্ব ও ক্ষমতা নির্ধারিত রয়েছে। এটি মহাপরিকল্পনার মাধ্যমে নতুন করে অর্জনের জন্য প্রস্তাবিত কোনো ক্ষমতা নয়; বরং বিদ্যমান আইন দ্বারা অর্পিত দায়িত্ব। সিডিএ ১৯৬১ ও ১৯৯৫ সালে মহাপরিকল্পনা এবং ২০০৮ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ন করেছে। বর্তমানে এরই ধারাবাহিকতায় ২০২৫–২০৫০ মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করছে। দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষও নিজ নিজ আইন ও অধিক্ষেত্র অনুযায়ী একই দায়িত্ব পালন করে আসছে।

সিডিএ তাদের ব্যাখ্যায় দাবি করে, সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে মহাপরিকল্পনা প্রণয়নের স্বাভাবিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়াকে দুই প্রতিষ্ঠানের মধ্যকার বিরোধ ও ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মহাপরিকল্পনা প্রণয়নের প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ বিষয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে সিডিএ উল্লেখ করে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি (জিওবি) অর্থায়নে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন কোনো একক প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন কার্যক্রম নয়; বরং পরামর্শক প্রতিষ্ঠানের দাখিলকৃত খসড়ার ওপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ, আপত্তি ও সুপারিশ গ্রহণ এবং পর্যালোচনার মাধ্যমে তা চূড়ান্ত করা এ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। গত ১৭ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃক প্রেরিত কারিগরি কমিটির পর্যালোচনা প্রতিবেদনও সিডিএ’র আহ্বানকৃত মতামতেরই অংশ। একে প্রাতিষ্ঠানিক বিরোধ হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

চসিক এই প্রকল্পের কারিগরি ব্যবস্থাপনা কমিটির (টিএমসি) অন্যতম সদস্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৩ আগস্ট প্রকল্পের প্রাথমিক পর্যায় থেকেই চসিকের সঙ্গে মতবিনিময় শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৪ নভেম্বর সিডিএ ভবনে এবং সর্বশেষ চলতি বছরের ২৭ সেপ্টেম্বর চসিক ভবনে মেয়র ডা. শাহাদাত হোসেন (বর্তমানে প্রশাসক) ও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চসিক ছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিএমপি, ওয়াসা, সওজ, রেলওয়ে, কেজিডিসিএল, পরিবেশ অধিদপ্তর ও রাজউকসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা ও পেশাজীবী সংগঠন খসড়া পরিকল্পনার ওপর লিখিত মতামত দিয়েছে।

জনমত গ্রহণের তথ্য তুলে ধরে সিডিএ জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮–এর ১১(৩) ধারা অনুযায়ী গত ২ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬০ দিন উন্মুক্ত জনমত গ্রহণ করা হয়েছে। এতে সিডিএ ভবনের ২২টি মন্তব্য বইয়ে ১ হাজার ৩টি এবং অনলাইন ওয়েব–জিআইএস প্ল্যাটফর্মে ৩২৬টিসহ মোট ১ হাজার ৩২৯টি মতামত ও সংশোধনী প্রস্তাব পাওয়া গেছে। পাশাপাশি মাঠপর্যায়ে দ্রুত মূল্যায়ন (পিআরএ) ও অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলী ভূমি অফিস, বড়পোল পুলিশ বক্স ও বাকলিয়ায় ট্রাকে আগুন
পরবর্তী নিবন্ধ১৪ নভেম্বর থেকে চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারি জোরদার