প্রেমের গরমিল

নাহিদ সুলতানা | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

একজনেতে মন ভরে না প্রেমের খাতা কত!

একই মুখে মধুর বুলি, ছলনা যে শত!

একজনেতে চাঁদ জাগিয়ে, অন্যজনের ভোর,

আরও যে জন অপেক্ষাতে–প্রেমের এ কী ঘোর!

একই বুলি, একই শপথ, একই মায়ার ফাঁদ,

ভিন্ন হৃদয়, একই গল্প, একই প্রেমের স্বাদ!

কাউকে বলে প্রাণের মানুষ, কাউকে বলে জান,

সবার জন্য বরাদ্দ রাখে একই প্রেমের গান!

গোপন চ্যাটে প্রেমের চাষ, প্রকাশ্যে যেন সাধু,

মিষ্টি কথায় ছলনাটুকু বড্ড বেশি মধু!

বিশ্বাসটাকে সিঁড়ি বানায়, আবেগ দিয়ে ঢাকে,

মিথ্যে বুনে প্রেমের জালটি কৌশলে সে ফাঁকে!

প্রেমের অঙ্কে যোগ–বিয়োগ, হিসাব বড় জটিল,

এক হৃদয়ে বসত করে কত জনের দিল!

মুখোশ পরে প্রেমের ফেরি, বাহারি তার সাজ,

সত্য এলে পালিয়ে যায় প্রেমের নটরাজ !

প্রেমের বুলি মুখে মুখে, অন্তরে ভিন্ন সুর,

একই ছকে কত হৃদয়, মায়ায় বহুদূর!

প্রেমের দাবি আকাশছোঁয়া, বিশ্বাসে রয় ফাঁক,

প্রেমের দোকান খুলে বসে– ছলনারই হাঁক!

পূর্ববর্তী নিবন্ধকুয়াশার ওপারে নতুন সকাল
পরবর্তী নিবন্ধশূন্যতা