‘ভাবি, আমি আর বাঁচতাম না, আমাকে এখান থেকে নিয়ে যান।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিছানায় শুয়ে আগুনে দগ্ধ রাশেদা বেগম এভাবেই আকুতি জানাচ্ছিলেন তাঁর বড় ভাইয়ের স্ত্রী শারমিন আক্তারের কাছে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ হন রাশেদা বেগম, তাঁর স্বামী মো. আরিফ ও তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম। তাঁদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন এই পরিবারের সদস্যদের দেখতে গিয়ে কথা হয় মো. আরিফের বাবা জাফর আহমদের সঙ্গে। তিনি আজাদীকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন তাঁরা। তিন সন্তানের মধ্যে আরিফ সবার বড়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন তিনি।
জাফর আহমদ বলেন, রাতে ছেলে, পুত্রবধূ ও নাতনির দগ্ধ হওয়ার খবর পেয়ে স্ত্রী শাহনাজ বেগমকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে আসেন তিনি। তাঁর ছেলে পেশায় রিকশাচালক, বিভিন্ন সময় দিনমজুরির কাজও করেন। এখন জাফর আহমদের পকেটে আছে মাত্র ৪০০ টাকা। বাইরে থেকে বিভিন্ন পরীক্ষাও করাতে হবে। সেসব খরচ কীভাবে সামলাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
রাশেদার ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার আজাদীকে বলেন, রাশেদা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে আনার পর ননদ দু-একটি কথা বলতে পেরেছিলেন। এখন তিনি পুরোপুরি নিশ্চুপ।
শারমিন আক্তার আরও বলেন, বাসায় কোনো গ্যাসের সিলিন্ডার ছিল না। সেখানে লাইনের গ্যাস ব্যবহার করা হতো। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা তাঁরা জানেন না।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মুহাম্মদ এস খালেদ আজাদীকে বলেন, “তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। স্বামী-স্ত্রী দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বারবার তদারকি করছি এবং যথাসাধ্য চেষ্টা করছি।”












