নগরে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ খুলশীর ৩ নম্বর রোডের চৌধুরী ভিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা–ছন্দা শর্মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে ছন্দার ভাই মনোজ শর্মা খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
নিহত ছন্দা শর্মা নগরের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার বাবার নাম হরেরাম শর্মা ও মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা। ছন্দার স্বামী মলয় কান্তি শর্মা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। ২০১৩ সালে তাদের বিয়ে হয়। এ দম্পতির কোনো সন্তান ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে রাত ৮টার দিকে বাসায় ফেরেন মলয় কান্তি শর্মা। দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও সাড়া দেয়নি ছন্দা। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয় লোকজন ৯৯৯–এ ফোন করে ঘটনাটি জানান। পরে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ছন্দাকে মৃত ঘোষণা করেন।
ছন্দা শর্মার স্বামী মলয় কান্তি শর্মা সাংবাদিকদের জানান, রাতে বাসায় ফেরার পর তিনি দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়রাসহ দরজা ভেঙে প্রবেশ করে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এদিকে দায়ের হওয়া অপমৃত্যু মামলা সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ছন্দা সর্বশেষ ফোনে কথা বলেন তার স্বামীর সঙ্গে। তখন ছন্দা স্বামীকে বাসার জন্য বাজার করে নিয়ে আসতে বলেন।
ছন্দার ভাই মনোজ শর্মা পুলিশকে জানায়, রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে তিনি বোনের খবর পান। এরপর ছোট ভাই রাজেশ শর্মাকে নিয়ে দ্রুত বোনের বাসায় যান। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে ঘটনাটি জানান।
খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান আজাদীকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।









