কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৯:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার অভিমুখী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার শামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন এবং লামা উপজেলার ছাবের আহমদের ছেলে সাহাব উদ্দিনের নাম জানা গেছে। এ ছাড়া ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্ষ্যংদিয়া এলাকার ইদ্রিসের ছেলে জসিম উদ্দিনও নিহত হয়েছেন। অপর নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ডালার দোয়ার এলাকার আবদুর রহমানের ছেলে মোহাম্মদ রিয়াদ বলেন, দুর্ঘটনার পরপরই তাঁরা ঘটনাস্থল থেকে শিশুসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে দুজনের মৃত্যুর খবর জানতে পারেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ সিএনজিযাত্রী নিহত