চট্টগ্রাম নগরের মাদারবাড়ির পোড়া মসজিদ গলিতে আবাসিক এলাকার ভবনগুলোর নিচে কোথাও গড়ে উঠেছে নকল মবিল তৈরির কারখানা, কোথাও আবার রাখা হচ্ছে এসব পণ্য তৈরির সরঞ্জাম ও দাহ্য পদার্থ। নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে তৈরি হচ্ছে নকল মবিল। স্থানীয়দের দাবি, এ কারবার ঘিরে এলাকায় গড়ে উঠেছে একটি অসাধু চক্র। ঝুঁকি নিয়ে বসবাস করলেও চক্রটির ভয়ে মুখ খুলতে চান না বাসিন্দারা।
নাম প্রকাশ না করার শর্তে পোড়া মসজিদ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় প্রভাবশালী কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। প্রতিবাদ করলে পরবর্তী সময়ে নানা ঝামেলায় পড়তে হতে পারে। এ কারণে তাঁরা নীরব থাকতে বাধ্য হচ্ছেন।
আজ মঙ্গলবার নগরের পোড়া মসজিদ গলি এলাকায় তৃতীয়বারের মতো অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। অভিযানে ক্যাস্ট্রল, সুপার ও হিরোসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের আদলে নকল মবিল তৈরির অভিযোগে মেসার্স জয়শ্রী অটো মোবাইলসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে মবিল প্যাকেজিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, নামীদামি কোম্পানির স্টিকার ও খালি বোতল পাওয়া যায়। বিদেশি বিভিন্ন কোম্পানির পণ্যের আদলে নকল মবিল বাজারজাত করার প্রস্তুতির আলামতও উদ্ধার করেন অভিযানের কর্মকর্তারা।
এর আগে গত ১১ নভেম্বর নকল মবিল তৈরির অভিযোগে সিলগালা করা আরেকটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেখানে পাওয়া নকল মবিল ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, তাঁরা মূলত নকল মবিল তৈরির বিষয়টি নিয়ে কাজ করছেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এ এলাকায় আরও কয়েকটি নকল মবিল তৈরির কারখানার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
তিনি বলেন, ‘আশপাশে অনেকগুলো পারিবারিক বাসা রয়েছে। এর মধ্যেই বিভিন্ন ভবনের নিচে নকল মবিল তৈরির গোডাউন ও কারখানা গড়ে উঠেছে। এসব জায়গায় অতিমাত্রায় দাহ্য পদার্থ রাখা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। ভবনমালিকদের আরও সচেতন হওয়া দরকার। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানের সময় ভবনমালিকদের অসহযোগিতার অভিযোগও করেছেন এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান, গোডাউন ও কারখানা বন্ধ করে পালিয়ে যান। পরে তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে। কেউ কেউ পালিয়ে গিয়ে আলামত সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
ফয়েজ উল্লাহ আরও বলেন, আগের অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেলেও পরে তাঁকে আইনের আওতায় আনা হয়। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অন্যদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
অভিযানে জরিমানার আওতায় আসা মেসার্স জয়শ্রী অটো মোবাইলসের কর্মচারী হৃদয় প্রথমে নকল মবিল তৈরির অভিযোগ অস্বীকার করেন। তবে কর্মকর্তারা বিভিন্ন আলামত দেখানোর পর তিনি এ কাজের কথা স্বীকার করেন। তাঁর দাবি, তাঁরা ছোট পরিসরে এ কাজ করেন। পুরো প্রক্রিয়া সম্পর্কে তিনি জানেন না; এ বিষয়ে মালিকপক্ষ জানে।
গত ১০ নভেম্বর পোড়া মসজিদ গলির একটি মবিল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আলোচনায় আসে এলাকাটি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আশপাশের ভবনগুলো রক্ষা করা সম্ভব হয়। তবে আগুনে একটি কলোনি পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার পর অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এলাকাটিতে এরই মধ্যে তিন দফা অভিযান চালিয়েছে সংস্থাটি। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করার পাশাপাশি নকল মবিল ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযান চললেও এলাকায় নকল মবিল তৈরির কারবার পুরোপুরি বন্ধ হয়নি। তাঁদের আশঙ্কা, আবাসিক এলাকার মধ্যে এ ধরনের কার্যক্রম চলতে থাকলে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে।










