যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক সুমন গ্রেপ্তার

কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী সাগর হত্যা

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে এ মামলায় সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার সুমন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে শাহমীরপুর এলাকায় মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আবদুল আজিজ নামে আরও এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় নিহত সাগরের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধস্কেচ গ্যালারি-নন্দনের রূপসজ্জা কর্মশালা