রাঙ্গুনিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার দক্ষিণ রাজানগর ও পোমরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হানিফ (৫০), পোমরা ইউনিয়ন যুবলীগের উপশিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. নুরুল আফসার (৩৮) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের (৪৭)।
হানিফ দক্ষিণ রাজানগর ইউনিয়নের খণ্ডলিয়া পাড়ার মৃত ওহাব মিয়ার ছেলে। নুরুল আফসার উত্তর পোমরা মহতি পাড়ার নুর হোসেনের ছেলে এবং আবু তাহের রোসাইপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গত ২২ নভেম্বর রাঙ্গুনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮–এর ধারায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল সোমবার তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।







