রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকার কড়ইল্যাটিলা গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ যেন কাটছেই না। পৌর এলাকার বাসিন্দা হয়েও একটি পাকা সড়ক ও সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন পাহাড়ি এই জনপদের অর্ধশত পরিবার। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়েও সমাধান না পেয়ে অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপর কয়েকজন প্রবাসীর সহায়তা ও এলাকাবাসীর নিজস্ব শ্রমে খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে মাঝপথেই কাজ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় নির্মাণাধীন সেতুর কাজ শেষ করতে সরকারি বরাদ্দ ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাটচেক জলদাশপাড়ার পশ্চিম পাশে কড়ইল্যাটিলা এলাকায় সেতুটির নির্মাণকাজ চলছে। ইছাখালী ৩ নম্বর ওয়ার্ড ও ঘাটচেক এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সঙ্গে এটি ওই এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সংযোগস্থল। প্রতিদিন এ পথ দিয়ে গ্রামের ৩৫ থেকে ৫০টি পরিবারের সদস্য এবং স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াত করেন।
সরেজমিনে দেখা যায়, উত্তর ঘাটচেক দাশপাড়া থেকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর কৃষিজমির সরু আইল ধরে আরও প্রায় এক কিলোমিটার হাঁটলে কড়ইল্যাটিলা গ্রামে পৌঁছাতে হয়। পথে দুটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় আহত হন পথচারীরা। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির আইল ও সাঁকো তলিয়ে গেলে পুরো গ্রামটি যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে না পারায় কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের।
সেতু নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসেন বলেন, সরকারি বরাদ্দের জন্য বছরের পর বছর অপেক্ষা করেও কোনো লাভ হচ্ছিল না। অবশেষে দুর্ভোগের কথা তুলে ধরে ফেসবুকে দেওয়ার পর কিছু প্রবাসী সাহায্যে এগিয়ে আসেন। তাদের সাহায্যে আমরা খালের ওপর কয়েকটি পিলার করলেও অর্থের অভাবে কাজটি শেষ করতে পারিনি। এখনো বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
যাতায়াতের এই দুর্ভোগের সবচেয়ে বড় শিকার গ্রামের শিক্ষার্থীরা। কড়ইল্যাটিলার শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, কয়েক কিলোমিটার কাদা–পানি মাড়িয়ে পারুয়ার সাহাব্দিনগর স্কুলে পড়েছি, এখন ইমাম গাজ্জালি কলেজে পড়ছি। বর্ষাকালে পরীক্ষা থাকলে আমাদের এলাকার শিক্ষার্থীরা কেন্দ্রে যেতে পারে না। দুর্গম যাতায়াতব্যবস্থার কারণে পঞ্চম শ্রেণির পরই পড়াশোনা ছেড়ে দেওয়া ইয়াছমিন জানান, যোগাযোগের অসুবিধার কারণে এ গ্রামের অনেক শিক্ষার্থীই অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়।
গ্রামের বাসিন্দা আবদুর রহিম মিয়া আক্ষেপ করে বলেন, উপজেলাজুড়ে অনেক উন্নয়ন হলেও আমাদের গ্রামের খবর কেউ নেয়নি। অনেক জনপ্রতিনিধি এসেছেন, সড়ক ও সেতু করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেননি। আমাদের সবার পেশা কৃষি, সামর্থ্য সীমিত। তাই কাজটি শেষ করতে সরকারি সহায়তা একান্ত প্রয়োজন।
এর আগে দ্রুত সড়ক নির্মাণের দাবিতে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের কাছে স্মারকলিপিও দিয়েছিলেন। গ্রামবাসীর মতে, ঘাটচেক ভাবনাকেন্দ্র হয়ে সড়কের সঙ্গে পাহাড়ি পথে এক কিলোমিটারেরও কম অংশ সংযুক্ত করে দিলে কিংবা অন্য পাশে নির্মাণাধীন সেতুটির কাজ শেষ হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে পারে।
এ অবস্থায় নির্মাণাধীন সেতুটির কাজ সম্পন্ন করা এবং সংযোগ সড়ক নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও প্রশাসন বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











