শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল চুরখারহাট বাজারে হ্যান্ডমাইকে তিনি এ ঘোষণা দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুয়াবিলের শোভনছড়ি এবং চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে এএসপি তারেক আজিজ বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান এখানে (ফটিকছড়ির সুয়াবিলে) লুকিয়ে আছে। সবাই মসজিদের মাইকে ঘোষণা দেয়ার ব্যবস্থা করেন। তাকে জীবন্ত পাইতে হবে। সবাই একটু খোজাখুজি করেন। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠাণ্ডা হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আমাদের তথ্যমতে, শীর্ষ সন্ত্রাসী রায়হানসহ আরও কয়েকজন এই এলাকাতেই আত্মগোপন করে আছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত জাবেদ নামের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। সে নিজেকে সিএনজি ড্রাইভার পরিচয় দেয়।









