হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন ১০ ডিসেম্বরের মধ্যে

টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে হবে। গত ২২ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ–১ শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭–এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে। খবর বাসসের।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে। গত ২২ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ–৩ শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা গ্রহণের আগে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এঙ–রে (পি/এ ভিউ), ইসিজি, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। এঙ–রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে। এছাড়া দুরারোগ্য ও গুরুতর রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি–ইউরেটার–ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) ও সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে। লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন–গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে। দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থার জটিলতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করতে হবে। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনালে বিনিয়োগ করতে চায় কোরীয় কোম্পানি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সাড়ে ৩ লাখ মামলার জট