সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান চালিয়ে সেন্ট মার্টিনের কাছে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ নভেম্বর বিকেল ৫টায় সেন্ট মার্টিন দ্বীপের ১০ নটিক্যাল মাইল উত্তরের সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ে নির্বিচারে মাছ ধরার ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণও ব্যাহত হচ্ছে।
পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সামুদ্রিক পরিবেশ, বিলুপ্তপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
=











