চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় বিষাক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। এ ঘটনায় আরও অন্তত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোরে একজন ও সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়।
ওসি জানান, গত শুক্রবার ওই এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন মদ্যপান করেন। পরে তাঁদের মধ্যে পাঁচ-ছয়জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। সৎকারের পর পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে।











