যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সোনালি ফ্রেমে বাঁধাই করা একগুচ্ছ চুল নিলামে বিক্রি হল ৪ হাজার ডলারে। বিবিসি লিখেছে, সেই চুল ছিল ওয়াশিংটনের একসময়কার বন্ধু জন গ্যাডসবির মালিকানায়। খবর বিডিনিউজের।
তার এক বংশধরের কাছ থেকে তা সংগ্রহ করেন বিখ্যাত সংগ্রাহক জন কে ল্যাটিমার। তবে ওয়াশিংটনের চুলের নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করেনি নিলামকারী কোম্পানি রিচমন্ড অকশনস। রিচমন্ডের তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে মাউন্ট ভার্ননের বাসভবনে ওয়াশিংটন মারা যাওয়ার কিছুদিন আগে তাকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরের বাসিন্দা গ্যাডসবি। সিবিএস নিউজ লিখেছে, গ্যাডসবি ছিলেন আলেকজান্দ্রিয়ার সিটি হোটেল অ্যান্ড ট্যাভার্নের মালিক। ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওই হোটেলে বন্ধু ওয়াশিংটনের শেষ দুটি জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন তিনি। গ্যাডসবির কাছে ওয়াশিংটনের চুল থাকার বিষয়ে ১৯২৮ সালে তথ্য প্রকাশ করেন তার নাতনি জুলিয়া ম্যাকব্লেয়ার। তার সেই বক্তব্য রিচমন্ড অকশনসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে ম্যাকব্লেয়ার বলেন, জর্জ ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব এবং জীবনের শেষ দিনগুলোতে তার সান্নিধ্যে থাকার সুবাদে তার দাদা গ্যাডসবি ওই চুলের মালিক হন। পরে চুলগুলো বাঁধাই করে ওয়াশিংটন সিটির তাদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টানিয়ে রাখা হয়।











