আসুন হাত বাড়াই

মেহেরুন্নেছা চৌধুরী | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

মেঘলা আকাশ, গুড়িগুড়ি বৃষ্টি, উত্তরের শিরশির মৃদু শীতল হওয়ার কোমল স্পর্শ জানান দিচ্ছে শীত এসে নক দিচ্ছে হেমন্তের দরজায়। ধূসর কুয়াশার মেঘমালা চারিদিকে পৌঁছে দিচ্ছে হিমেল হাওয়ার আগাম সংবাদ।

রাস্তার মোড়, ফুটপাত, যাত্রী ছউনীর বেঞ্চিগুলো একবার চোখ খুলে থাকাই। এই যে আশ্রয়হীন মানুষগুলো নিশ্চয়ই কারো বাবা– মা, কারো ভাই–বোন। ছোট ছোট মায়াবী শিশুগুলো নিশ্চয়ই কারো সন্তান। অথচ, আশ্রয় নেই। আসছে কনকনে শীতের দিন। এখনই তাদের নিয়ে ভাবার সময়। কী করা যায়! কীভাবে করা যায়! আপনার সামান্য ইচ্ছে শক্তি সামান্য মনোবল হয়তো তাদের জন্য বড় ধরনের কিছু হতে পারে।

আপনার, আমার, সন্তানদের শীতের কাপড় বের করার সময়। আমরা শীতের কাপড় বের করে দেখবো অনেক কাপড় আমাদের সন্তানদের ছোট হয়ে যাচ্ছে। অনেক নতুন কাপড় ভাজে ভাজে পুরানো হয়ে যাচ্ছে। আসুন ঐ সব কাপড় এই আশ্রয়হীনদের দিয়ে সহযোগিতা করি। অনেকে এমনও আছেন তাদের সংসার চালানো অনেক কষ্টকর অথচ কাউকে বলতে পারেন না। কারো কাছে হাত পাততে লজ্জাবোধ করেন। আসুন না, তাকে বুঝার চেষ্টা করি। বাড়ির, অফিসের, ব্যবসা প্রতিষ্ঠানের দারোয়ান ভাইয়ের চেহারা দেখে বুঝার চেষ্টা করি তার পারিবারিক অবস্থা। খোলা মনে কথা বলি তার সাথে। তার পরিবারের জন্য কিছু শীতের গিফট পাঠায়।

আমরা বিভিন্ন কাজে কর্মমুখর শ্রমিক ভাইদের ব্যবহার করি। তাদের দিনের পর দিন পরিশ্রমে গড়ে তুলি আমাদের শখের বাড়ি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের মিল কারখানা। চলুন না, সহযোগিতার হাত বাড়াই তাদের প্রতি।

আমাদের কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমে বেঁচে আছি আমরা। উত্তরের হিমেল হাওয়ায় প্রচণ্ড শীতের কাঁপুনিতে থেমে থাকে না তাদের কর্মযাত্রা,ওম ধরা কাঁথা বাঁধতে পারে না তাদের কর্মঠ শরীর।

তাঁদের জন্য আমরা কী করতে পারি? কী করণীয় আমাদের? আমার ছোট্ট মনের ভাবনা অনেক কিন্তু সাধ্য? হ্যাঁ, যতটুকু পারি যতজনকে পারি। যেখানে পারি যে সময়ে পারি। শুধু মাত্র ইচ্ছা শক্তি। হ্যাঁ, শুধু মাত্র ইচ্ছা শক্তি আমাদের পথ দেখাবে। সাহায্য করবে। শক্তি যোগাবে। আসুন না, হাত বাড়াই।

পূর্ববর্তী নিবন্ধপুরস্কার প্রাপ্তি লেখককে লেখালেখিতে উৎসাহিত করে