চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বটতলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে আগুন দেয়ার চেষ্টা করা হয়। তবে ট্রেনের নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম।
ঘটনার প্রত্যক্ষদর্শী চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, টিউশন শেষে ফেরার পথে বটতলী স্টেশন থেকে বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ভাই চিৎকার করে জানান, ভেতরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে রেলওয়ের একজন কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। পরে দ্রুত আগুন নেভানো হয়।
এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাত ৮টা ৫ মিনিটের দিকে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে এ ঘটনা ঘটে। পরে ওই ট্রেন পরিবর্তন করে শিক্ষার্থীদের অন্য আরেক ট্রেনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, এ ঘটনাকে নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ছাড়ার আগে কিংবা অন্য যেকোনো অবস্থায় ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
প্রক্টর আরও বলেন, সাধারণত ট্রেন চলমান অবস্থায় এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ থাকে না। কিন্তু ট্রেন থেমে থাকা অবস্থায় যথাযথ নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা সুযোগ নিতে পারে। তাই ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায়ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।












