ছিলেন স্বর্ণকার, ইউটিউব দেখে হলেন ইয়াবার কারিগর

নগরে গ্রেপ্তার, ইয়াবা তৈরির মেশিন ও উপকরণ জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫৪ পূর্বাহ্ণ

কাজ করতেন স্বর্ণের দোকানে। মাঝেমধ্যে সেবন করতেন ইয়াবা। এর মাঝে অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের চিন্তা থেকে নিজেই ইয়াবা বানানোর পরিকল্পনা করেন তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণ। তিনি ইউটিউব ও চ্যাটজিপিটির সাহায্যে শেখেন ইয়াবা বানানোর পদ্ধতি। পরে নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় ইয়াবা বানানোর মেশিন কিনে নিজের বাসায় স্থাপন করেন। গত সপ্তাহে শুরু করেন প্রাথমিক প্রস্তুতি। শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়ায় পরিকল্পনা আর এগোয়ানি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথার চৌধুরীঘাটা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ আকিবকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। পরে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে জব্দ করে ইয়াবা তৈরির মেশিন। এ সময় কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, মেনথল, বেকিং সোডা, ভ্যানিলা ও অরেঞ্জ ফ্লেভার, ফুড কালার এবং স্লাইড ক্যালিপার্সও জব্দ করা হয়।

গতকাল দুপুরে চান্দগাঁও থানার সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিএনজি গ্যাস পাম্পের সামনে নিয়মিত মোবাইল ডিউটি করছিলেন চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা। এ সময় আকিবকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তার কাছ থেকে দুই পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে নিজের বাসায় মেশিন বসিয়ে ট্যাবলেট তৈরির প্রস্তুতির কথা জানান তিনি। তার শিকারপুরের কুয়াইশ এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মেশিন ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে কার কাছ থেকে মেশিনটি সংগ্রহ করা হয়েছে এবং বাজারজাতের পরিকল্পনায় অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আকিবের বাড়ি পটিয়া উপজেলার কুলগাঁও মাজার গেট এলাকায়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। আকিব দীর্ঘদিন ধরে হাটহাজারীর শিকারপুরের কুয়াইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এর আগে নজুমিয়ার হাট এলাকার একটি স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব নিজ উদ্যোগে ট্যাবলেট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন বলে জানিয়েছেন। তবে এর পেছনে কেউ অর্থায়ন করেছে কি না কিংবা মেশিন সংগ্রহের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, ইয়াবা তৈরিতে কী ধরনের উপকরণ ব্যবহার করা হয়, তা সীমান্তের ওপারে যারা তৈরি করে তারাই ভালো জানে। তবে আকিব নকল ইয়াবা তৈরি করে আসল ইয়াবার সঙ্গে বাজারজাত করতে চেয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশের অভ্যন্তরে এ ধরনের মাদক তৈরির সুযোগ তৈরি হলে মাদকের বিস্তার আরও সহজ হতে পারে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

এদিকে একটি ভিডিওতে দেখা যায়, আকিবের শয়নকক্ষে বসানো হয়েছিল ট্যাবলেট তৈরির মেশিনটি। মেশিনের উপরের অংশ দিয়ে উপকরণ দেওয়ার পর নিচের অংশ দিয়ে ট্যাবলেট বের হওয়ার ব্যবস্থা রয়েছে। ভিডিওতে সাদা রঙের ট্যাবলেট বের হতে দেখা যায়। পরে সেগুলোতে রং মেশানো হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুলিশের সোর্সকে গুলি করে পালালেন দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধবটতলী স্টেশনে চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা