ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, সৎ ভাই আটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে জমির বিরোধের জের ধরে সৎ ভাইয়ের ইটের আঘাতে আহত হয়ে বড় ভাই মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাজী মোহাম্মদ মুহিবুল্লাহ (৫০) একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। আটক নেছার উল্লাহ (৩৭) নিহতের সৎ ভাই।

নিহতের স্ত্রী জোসনা আক্তার বলেন, “সকাল ৯টার দিকে ঘরের একপাশের দেয়াল ভাঙার শব্দ শুনে স্বামীসহ আমরা এগিয়ে যাই। সেখানে নেছার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নেছার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে দিয়ে মুহিবুল্লাহকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটটি আমার হাতে লেগে পেছনে থাকা স্বামী মুহিবুল্লাহর গায়ে গিয়ে পড়ে। এতে আমার স্বামী লুটিয়ে পড়লে নেছার উল্লাহ ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় বাধা দিলে আমাকেও মারধর করেন।”

তিনি আরও বলেন, “ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নেছার উল্লাহ পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন।” পরে আহত মুহিবুল্লাহকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বলেন, জমির মালিকানা নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে এক ভাই আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির চেষ্টা, শয়নকক্ষে মেশিনও বসিয়েছিলেন