নিজের শয়নকক্ষেই বসিয়েছিলেন ট্যাবলেট তৈরির মেশিন। পুলিশের দাবি, ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে ধারণা নিয়ে ইয়াবার আদলে ট্যাবলেট তৈরির চেষ্টা করেছিলেন তিনি।
এ জন্য নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় মেশিন কিনেছিলেন। পরিকল্পনা ছিল, প্রথমে পরীক্ষামূলকভাবে তৈরি করে এর কার্যকারিতা যাচাই করবেন। সফল হলে বড় পরিসরে উৎপাদন করে বাজারজাত করবেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণ। তাঁর ভাড়া বাসা থেকে জব্দ করা হয়েছে ট্যাবলেট তৈরির মেশিন ও বিভিন্ন উপকরণ।
পুলিশের ভাষ্য, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার চৌধুরীঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে নিয়মিত মোবাইল ডিউটি করছিলেন চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা। এ সময় আকিবকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়। তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
পরে জিজ্ঞাসাবাদে নিজের বাসায় মেশিন বসিয়ে ট্যাবলেট তৈরির প্রস্তুতির কথা জানান তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর শিকারপুরের কুয়াইশ এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মেশিন ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
আজ রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটার দিকে চান্দগাঁও থানার সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আকিবের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও মাজার গেট এলাকায়। তাঁর বাবার নাম জাহাঙ্গীর আলম। আকিব দীর্ঘদিন ধরে হাটহাজারীর শিকারপুরের কুয়াইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এর আগে নজুমিয়ার হাট এলাকার একটি স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশের দাবি, স্বর্ণের দোকানে কাজ করার সময় অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের চিন্তা থেকে ইয়াবার মতো ট্যাবলেট তৈরির পরিকল্পনা করেন আকিব। এ বিষয়ে ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে তথ্য সংগ্রহ করেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় মেশিন কিনে নিজের বাসায় স্থাপন করেন। গত সপ্তাহে শুরু করেন প্রাথমিক প্রস্তুতি। তবে পুলিশের অভিযানের কারণে তাঁর পরিকল্পনা আর এগোয়নি।
দৈনিক আজাদীর হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, আকিবের শয়নকক্ষেই বসানো হয়েছিল ট্যাবলেট তৈরির মেশিনটি। মেশিনের ওপরের অংশ দিয়ে উপকরণ দেওয়ার পর নিচের অংশ দিয়ে ট্যাবলেট বের হওয়ার ব্যবস্থা রয়েছে। ভিডিওতে সাদা রঙের ট্যাবলেট বের হতে দেখা যায়। পরে সেগুলোতে রং মেশানো হচ্ছে।
বাসা থেকে জব্দ করা উপকরণের মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, মেনথল, বেকিং সোডা, ভ্যানিলা ও অরেঞ্জ ফ্লেভার, ফুড কালার এবং স্লাইড ক্যালিপার্স। জব্দ করা উপকরণ দিয়ে তৈরি ট্যাবলেটের প্রকৃত উপাদান ও কার্যকারিতা পরীক্ষাগারে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব নিজ উদ্যোগে ট্যাবলেট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন বলে জানিয়েছেন। তবে এর পেছনে কেউ অর্থায়ন করেছেন কি না, কিংবা মেশিন সংগ্রহের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, ইয়াবা তৈরিতে কী ধরনের উপকরণ ব্যবহার করা হয়, তা সীমান্তের ওপারে যারা তৈরি করে, তারাই ভালো জানে। তবে আকিব নকল ইয়াবা তৈরি করে আসল ইয়াবার সঙ্গে বাজারজাত করতে চেয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশের অভ্যন্তরে এ ধরনের মাদক তৈরির সুযোগ তৈরি হলে মাদকের বিস্তার আরও সহজ হতে পারে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
নারায়ণগঞ্জে কার কাছ থেকে মেশিনটি সংগ্রহ করা হয়েছে এবং বাজারজাতের পরিকল্পনায় অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।












