মন্দিরে ভিড়ের সুযোগ নিয়ে সোনার চেইন চুরি, সিসিটিভিতে যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৬:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মন্দিরে ভিড়ের সুযোগ নিয়ে প্রবেশ করে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডের শ্রীশ্রী রাধা-গোবিন্দ ইসকন মন্দিরে অন্নকূট অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজনই নারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই নারী মন্দিরে অনুষ্ঠানে অংশ নিতে আসেন। বেলা ১টা ১০ মিনিটের দিকে মন্দিরে প্রবেশের জন্য গেটে পৌঁছালে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগে তাঁদের গলায় থাকা স্বর্ণের চেইন দুটি কৌশলে চুরি করে নিয়ে যান অভিযুক্তরা। চেইন দুটির ওজন ছিল যথাক্রমে ৬ আনা ও সাড়ে ৬ আনা।

পরে মন্দির কর্তৃপক্ষের সহায়তায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দুজনকে শনাক্ত ও আটক করা হয়। খবর পেয়ে চান্দগাঁও থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি যাওয়া স্বর্ণের চেইন দুটি উদ্ধার করে জব্দ করে।

পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়িসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। পূর্ববর্তী মামলার তথ্য ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই ধরনের কৌশলে বিভিন্ন স্থানে চুরির ঘটনায় তাঁদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধইউজিসির বরাদ্দ এলেও বেতন পাচ্ছেন না চুয়েটের গবেষণা সহকারীরা