একজন নারীকে আঘাত করা হলে তার চিহ্ন কখনো শরীরে দেখা যায়। কিন্তু তাঁর চলাফেরা নিয়ন্ত্রণ করা, উপার্জনের টাকা কেড়ে নেওয়া, বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া কিংবা প্রতিদিন অপমানের মাধ্যমে আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার ক্ষত সহজে দৃশ্যমান হয় না। অথচ এসব অভিজ্ঞতাও নারীর স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। নারীর প্রতি সহিংসতা নিয়ে আমাদের সামাজিক আলোচনার একটি বড় সীমাবদ্ধতা এখানেই। আমরা প্রায়ই নির্যাতনকে চিহ্নিত করি দৃশ্যমান আঘাতের ভিত্তিতে। ফলে যে নিপীড়ন প্রতিদিনের সম্পর্ক, পারিবারিক সিদ্ধান্ত কিংবা সামাজিক আচরণের মধ্যে স্বাভাবিক হয়ে থাকে, তা অনেক সময় সহিংসতা হিসেবে স্বীকৃতিই পায় না।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৬০ সালের এই দিনে ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মিরাবাল পরিবারের তিন বোনকে হত্যা করা হয়। তাঁদের স্মৃতির সঙ্গে যুক্ত এই দিনটি পরবর্তী সময়ে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। ১৯৯৯ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত পালিত হয় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ষোলো দিনের আন্তর্জাতিক কর্মসূচি। এই আয়োজন মনে করিয়ে দেয়, নারীর নিরাপত্তার প্রশ্নটি কেবল পারিবারিক বা ব্যক্তিগত বিষয় নয়; এটি মৌলিক মানবাধিকারের প্রশ্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালে প্রকাশিত হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৮৪ কোটি নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে সঙ্গীর হাতে শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য কারও দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ প্রায় প্রতি তিনজন নারীর একজন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। দুই দশকে এই পরিস্থিতির উন্নতি হয়েছে অত্যন্ত ধীরগতিতে। সংখ্যাটি ভয়াবহ, কিন্তু এর মধ্যেও সব ধরনের নির্যাতনের পূর্ণ চিত্র নেই। মানসিক নিপীড়ন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ কিংবা সামাজিক বিচ্ছিন্নতার মতো অভিজ্ঞতা একই পরিসংখ্যানে সম্পূর্ণভাবে ধরা পড়ে না। ফলে নারীর প্রতি সহিংসতার বাস্তব বিস্তার বোঝার জন্য পরিসংখ্যানের পাশাপাশি দৈনন্দিন জীবনের ক্ষমতার সম্পর্কও দেখতে হয়। ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে সহিংসতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তা সবসময় সরাসরি আক্রমণ দিয়ে শুরু হয় না। অনেক ক্ষেত্রে প্রথমে আসে সন্দেহ, নজরদারি এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংকুচিত করার চেষ্টা। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন, কী পোশাক পরবেন কিংবা নিজের উপার্জন কীভাবে ব্যয় করবেন–এসব বিষয়ে একজন নারীর স্বাধীনতা ক্রমে সীমিত হতে থাকে। কখনো এসব আচরণকে ভালোবাসা, উদ্বেগ বা পরিবারের সম্মান রক্ষার নামে গ্রহণযোগ্য করে তোলা হয়। কিন্তু যত্ন এবং নিয়ন্ত্রণ এক জিনিস নয়। যত্ন মানুষের নিরাপত্তা ও স্বাধীনতাকে স্বীকৃতি দেয়; নিয়ন্ত্রণ সেই স্বাধীনতাকে অন্যের অনুমতির অধীন করে তোলে।
সহিংসতার সঙ্গে অর্থনৈতিক নির্ভরশীলতার সম্পর্কও গভীর। একজন নারী উপার্জন করলেও নিজের অর্থ ব্যবহারের অধিকার না পেতে পারেন। আবার উপার্জনের সুযোগ থেকে বঞ্চিত হলে নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ আরও কঠিন হয়ে পড়ে। আশ্রয়, সন্তানের দায়িত্ব, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তখন তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করে। বাইরে থেকে যে প্রশ্নটি সহজ মনে হয়–নির্যাতন সহ্য না করে তিনি চলে যাচ্ছেন না কেন–বাস্তবে তার উত্তর অনেক জটিল। নিরাপদ আশ্রয়, অর্থনৈতিক সামর্থ্য ও সামাজিক সহায়তা ছাড়া সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা অনেক নারীর জন্য নতুন বিপদের কারণও হতে পারে।
এই পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে ভুক্তভোগীকেই দায়ী করার সামাজিক প্রবণতা। সহিংসতার ঘটনা প্রকাশিত হলে প্রায়ই নারীর আচরণ, পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। অপরাধীর দায়িত্বের পরিবর্তে আলোচনার কেন্দ্রে চলে আসেন নির্যাতনের শিকার মানুষটি। পরিবারের সম্মান রক্ষার নামে অভিযোগ গোপন রাখতে বলা হয়। কখনো আপসের চাপ তৈরি হয়, কখনো ন্যায়বিচার চাওয়াকেই সম্পর্ক বা সংসার ভাঙার কারণ হিসেবে দেখানো হয়। এমন সামাজিক পরিবেশে নীরবতা সবসময় সম্মতি নয়; অনেক ক্ষেত্রে তা নিরাপত্তাহীনতার ফল।
প্রযুক্তির বিস্তারে নারীর প্রতি সহিংসতার নতুন ক্ষেত্রও তৈরি হয়েছে। অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া, অন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি, অনলাইনে অনুসরণ ও হয়রানি, ভুয়া পরিচয়ে অপপ্রচার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি–এসবের মাধ্যমে একজন নারীর ব্যক্তিগত ও পেশাগত জীবন বিপর্যস্ত হতে পারে। ডিজিটাল পরিসরের সহিংসতাকে বাস্তব জীবনের ক্ষতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। অনলাইনে অপমান বা ভয় দেখানোর পরিণতি নারীর কর্মক্ষেত্র, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক অংশগ্রহণেও পৌঁছাতে পারে। ফলে প্রযুক্তিগত নিরাপত্তা, কার্যকর অভিযোগব্যবস্থা এবং অপরাধীর জবাবদিহি এখন সহিংসতা প্রতিরোধের অপরিহার্য অংশ।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আলোচনা তাই শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর শাস্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। পরিবারে সমান মর্যাদার শিক্ষা, শিশু–কিশোরদের মধ্যে সম্মতি ও ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতনতা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ অভিযোগব্যবস্থা এবং সহিংসতার শিকার নারীর জন্য স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও আশ্রয়ের ব্যবস্থা জরুরি। একই সঙ্গে প্রয়োজন এমন সামাজিক পরিবেশ, যেখানে অভিযোগ জানানোর পর একজন নারীকে নতুন করে অপমান ও বিপদের মুখোমুখি হতে হবে না। আইন কার্যকর হওয়ার পাশাপাশি বিচার পাওয়ার পথটিও সহজ, সংবেদনশীল ও নিরাপদ হতে হবে। ২০২৬ সালের আন্তর্জাতিক ষোলো দিনের কর্মসূচিতে জাতিসংঘ বিশেষ গুরুত্ব দিয়েছে ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার মানুষকে সুরক্ষা দেওয়া এবং অপরাধীর দায়মুক্তি বন্ধ করার ওপর। এই তিনটি লক্ষ্য পরস্পরের সঙ্গে যুক্ত। অভিযোগ করার সুযোগ থাকলেও নিরাপত্তা না থাকলে নারী এগিয়ে আসতে পারবেন না; নিরাপত্তা থাকলেও বিচার না হলে সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে। আবার বিচারব্যবস্থা সক্রিয় হলেও সমাজে নিয়ন্ত্রণ ও বৈষম্যকে স্বাভাবিক মনে করার প্রবণতা অপরিবর্তিত থাকলে সহিংসতার ভিত্তি অক্ষত থাকবে।
নারীর প্রতি সহিংসতা বন্ধ করার অর্থ শুধু আঘাতের ঘটনা কমিয়ে আনা নয়। এর অর্থ এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে একজন নারী ভয় ছাড়া সিদ্ধান্ত নিতে পারবেন, নিজের উপার্জনের ওপর অধিকার রাখবেন, সম্পর্কের মধ্যে অসম্মতি প্রকাশ করতে পারবেন এবং প্রয়োজন হলে নিরাপদে সহায়তা চাইতে পারবেন। সহিংসতার অনুপস্থিতিই নিরাপত্তার সম্পূর্ণ সংজ্ঞা নয়; মর্যাদা ও স্বাধীনতার উপস্থিতিও তার অপরিহার্য শর্ত। নারীর জীবনকে নিয়ন্ত্রণের বিষয় নয়, সমান অধিকারসম্পন্ন মানুষের জীবন হিসেবে স্বীকার করার মধ্য দিয়েই সেই পরিবর্তনের শুরু।
তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, Violence against Women (2026); WHO ও জাতিসংঘের অংশীদার সংস্থাগুলোর ১৯ নভেম্বর ২০২৫–এর বৈশ্বিক প্রতিবেদন; জাতিসংঘের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ইতিহাস; টঘ ডড়সবহ–এর ২০২৬ সালের ষোলো দিনের কর্মসূচির নীতিপত্র।












