একটি রাস্তার জন্য দুর্ভোগে কয়েকশ শিক্ষার্থী

দেলওয়ার হোসাইন, পেকুয়া | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

একটি রাস্তার অভাবে প্রতিদিনই যেন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বর্ষা এলেই হাঁটুপানি ও কাদামাটি মাড়িয়ে উজানটিয়া এ এস আলিম মাদ্রাসায় যেতে হয় তাদের। কখনো পানিতে ভিজে যায় বই–খাতা, কখনো কাদায় মাখামাখি হয় স্কুলের পোশাক। আবার সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো শ্রেণিকক্ষে পৌঁছাতে না পেরে মিস করতে হয় গুরুত্বপূর্ণ ক্লাস। এভাবেই একটি চলাচল অনুপযোগী সড়ক শিক্ষার্থীদের শিক্ষাজীবনে প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমনই দুর্বিষহ চিত্র কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেকপাড়া থেকে ফকিরপাড়া পর্যন্ত সড়কের। সড়কটি মালেকপাড়া ও ফকিরপাড়া এলাকায় অবস্থিত হলেও করিয়ারদিয়া ও মধ্যম উজানটিয়ার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এটি।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে শুকনো মৌসুমেও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। আর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি প্রায় তলিয়ে যায়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীদের জন্য সড়কটি হয়ে উঠেছে নিত্যদিনের ভোগান্তির কারণ।

স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলা ও উন্নয়নবঞ্চনার শিকার। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর। প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে মাদ্রাসাটির প্রায় ৩০০ শিক্ষার্থী। শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় হাঁটুপানি ও কাদা মাড়িয়েই মাদ্রাসায় পৌঁছাতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে ভিজে যায় বই–খাতা ও পরনের পোশাক। এতে শারীরিক দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবন।

শিক্ষার্থীদের এমন দুরবস্থা দেখে ব্যথিত মাদ্রাসার শিক্ষকরাও। মাদ্রাসার এক শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী বৃষ্টির পানি ও কাদা মাড়িয়ে কাকভেজা অবস্থায় শ্রেণিকক্ষে পৌঁছায়। তাদের ভেজা পোশাক, কাদামাখা শরীর এবং বই–খাতার অবস্থা দেখে শিক্ষকদেরও কষ্ট হয়। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ মেনে নেওয়া সত্যিই কঠিন। অথচ শিক্ষা গ্রহণের জন্য প্রতিদিন তাদের এ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুছা কাজেম জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের মধ্যে প্রায় ৩০০ শিক্ষার্থী মালেকপাড়া–ফকিরপাড়া সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে। সড়কটির বেহাল অবস্থার কারণে এসব শিক্ষার্থীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানি ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে তাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমেও।

মাদ্রাসার শিক্ষক আমিরুল হাসনাত বলেন, একটি চলাচল উপযোগী সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করারও অন্যতম পূর্বশর্ত। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

স্থানীয় অভিভাবক আরফাত হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে গেলে শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। প্রতিকূল আবহাওয়ায় যাতায়াত করতে গিয়ে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। অনেক সময় সড়কের দুর্ভোগের কারণে নির্ধারিত সময়ে মাদ্রাসায় পৌঁছানোও সম্ভব হয় না।

মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, প্রতিদিন খানাখন্দে ভরা একটি রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাতায়াত করতে হয়। শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষায় কখনো কখনো পানিতে রাস্তা ডুবে গিয়ে খুঁজেই পাওয়া যায় না। পানি নেমে গেলেও কাদার কারণে চলাচল করা দায় হয়ে পড়ে।

আরেক শিক্ষার্থী সাবরিনা আক্তার বলেন, বর্ষায় মাদ্রাসায় যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ ক্লাস মিস না করার জন্য কাদা–পানি মাড়িয়ে মাদ্রাসায় পৌঁছালেও বই–খাতা ভিজে নষ্ট হয়ে যায়। নিত্যদিনের এমন দুর্ভোগে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এ সমস্যা শুধু আমার একার নয়, পুরো গ্রামের তিন শতাধিক শিক্ষার্থীর। বিকল্প কোনো সড়কও নেই। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উজানটিয়ার কৃতী সন্তান ও কঙবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন টিটু বলেন, উজানটিয়ার একমাত্র উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান উজানটিয়া এ এস আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী করিয়ারদিয়া ও মধ্যম উজানটিয়া থেকে আসে। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাও বেশি। রাস্তাটিকে সড়ক বলা হলেও বাস্তবে এটি চলাচলের অনুপযোগী। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পর রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মালেকপাড়া–ফকিরপাড়া সড়কসহ উজানটিয়া ইউনিয়নের আরও কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই প্রকল্প বাস্তবায়ন হবে।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি মানবিক ও শিক্ষাবান্ধব দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত মালেকপাড়া–ফকিরপাড়া সড়কটি সংস্কার করতে হবে। পাশাপাশি স্থায়ীভাবে চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে শিক্ষার্থীদের প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদের পিএসের ভবনে আগুন
পরবর্তী নিবন্ধমাটির নিচে পরিত্যক্ত মর্টার শেল