হেরে ভুল শুধরানোর তাগিদ শান্তর

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারেও দলের পারফরম্যান্সের কিছু ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে প্রথম ইনিংসে ব্যাটারদের পারফরম্যান্স এবং পেসারদের সামপ্রতিক উন্নতিতে সন্তুষ্ট তিনি। তবে নো–বল করা ও ক্যাচ ছাড়ার মতো ভুলগুলোকে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমরা বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুবই খুশি। সাধারণত এমন পরিস্থিতিতে আমরা টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পাই না। কিন্তু এবার এটা আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক ছিল। গত কয়েক বছরে আমার মনে হয়, আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ কাজ করছে। আর এটাই অনেক পরিবর্তন এনেছে।’ প্রথম ইনিংসে ৪০০ রান করেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের ভুলের কথা স্বীকার করেন শান্ত। তার মতে, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে হলে ছোটখাটো ভুলেরও জায়গা নেই। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে, খুব বেশি ভুল করা যাবে না। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। আমরা অনেকগুলো নো–বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এই ভুলগুলোর কারণেই আমরা ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে। কিন্তু যখন আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলি, তখন আমাদের এমন ভুল করা চলবে না।’ দলের ব্যাটিং নিয়েও ইতিবাচক শান্ত। বিশেষ করে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। মাত্র চারটি টেস্ট খেলা হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ অধিনায়ক আশা করছেন, এই পারফরম্যান্স পরবর্তী ম্যাচেও আত্মবিশ্বাস জোগাবে দলকে। শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয় যেভাবে খেলেছে, তা খুবই ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। আমি আশা করি, এই আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচেও ধরে রাখতে সাহায্য করবে।’

পূর্ববর্তী নিবন্ধসাইফ-ইয়াসিরের ব্যাটে জয়ে শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধসেরা পরিশ্রমী ক্রিকেটারের স্বীকৃতি পেলেন লিটন দাস