মধ্যবিত্ত সমাজের এমন এক শ্রেণি, যাদের জীবনের গল্পগুলো খুব কমই মানুষের চোখে পড়ে। বাইরে থেকে তাদের জীবনকে স্বাভাবিক, সুন্দর ও গোছানো মনে হলেও ভেতরে ভেতরে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেন হাজারো অভাব, অনিশ্চয়তা, অপূর্ণতা ও মানসিক যন্ত্রণার সঙ্গে। তাদের মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকে হিমালয়সম কষ্ট, আর বুকের ভেতর জমে থাকে এক বিশাল মহাসমুদ্রের হাহাকার।
মধ্যবিত্তরা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ অভিনয়শিল্পী। বিশেষ করে যারা সততা ও আত্মসম্মানকে জীবনের প্রধান সম্পদ হিসেবে ধারণ করেন, তাদের জীবনসংগ্রাম আরও কঠিন। তারা চাইলেই কারও কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে পারেন না। অভাব থাকলেও অভাবের কথা বলতে সংকোচবোধ করেন। প্রয়োজন থাকলেও অন্যের কাছে হাত পাততে চান না। নিজের কষ্টকে আড়াল করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন প্রতিনিয়ত।
মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় সংকট হলো সাধ ও সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান। তাদেরও স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, ভালোভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে। সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো, পরিবারের সদস্যদের ভালো চিকিৎসা নিশ্চিত করা, একটি সুন্দর বাসস্থান তৈরি করা কিংবা প্রিয়জনদের সামান্য আবদার পূরণ করার ইচ্ছা থাকে। কিন্তু বাস্তবতার কঠিন সমীকরণে প্রায়ই এসব স্বপ্ন অপূর্ণ থেকে যায়। মাসের শুরুতে যে মানুষটি সংসারের বাজেট নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন, মাসের শেষ দিকে তাকেই হিসাব মেলাতে হিমশিম খেতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, শিক্ষা ও চিকিৎসার ব্যয়– সবকিছু মিলিয়ে মধ্যবিত্তের জীবন যেন প্রতিদিনই নতুন এক পরীক্ষার নাম।
সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, মধ্যবিত্তের দুঃখ বোঝার মানুষ খুব কম। উচ্চবিত্তের কাছে তাদের অভাব হয়তো তেমন দৃশ্যমান নয়, আবার নিম্নবিত্তের মতো তারা সামাজিক সহায়তার আওতায়ও সহজে আসতে পারেন না। ফলে দুই প্রান্তের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই শ্রেণিটি অনেক সময় নীরবে নিজেদের সংকট মোকাবিলা করে।
তাদের জীবনে আনন্দের মুহূর্ত আসে, কিন্তু সেই আনন্দের মধ্যেও দায়িত্বের হিসাব থাকে।
তারা হাসেন, আড্ডা দেন, সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, অন্যের বিপদে পাশে দাঁড়ান; অথচ নিজেদের বিপদের কথা কাউকে জানান না। যেন জীবনের মঞ্চে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছেন, অথচ দর্শকরা বুঝতেই পারছেন না পর্দার আড়ালে কতটা যন্ত্রণা জমে আছে। মধ্যবিত্তের মুখের হাসি দেখে তাদের জীবনকে সুখের গল্প ভাবার কোনো কারণ নেই। কারণ সেই হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে হাজারো না–পাওয়ার বেদনা, অগণিত বিসর্জন আর একাকী লড়াইয়ের ইতিহাস। তারা সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠ অভিনয়শিল্পী যাদের অভিনয়ের কোনো মঞ্চ নেই, নেই কোনো পুরস্কার; আছে শুধু দায়িত্বের ভার আর নীরবে বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম।











