খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। দেশের উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হবে। খাগড়াছড়ি জেলার বাবুছড়া (আরএইচডি)-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে।
খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ডিও লেটারের মাধ্যমে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে চিঠিও দিয়েছিলেন।
আনোয়ার রহমান বলেন, মাইনী নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা–বাণিজ্য ও জরুরি সেবা কার্যক্রমে ভোগান্তি তৈরি হয়। সেতুর নির্মাণকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। তিনি আরও বলেন, সেতুর নকশা প্রণয়নের কাজ শেষ হওয়ার পর আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। সেতুটি নির্মাণে আনুমানিক ৬০ কোটি টাকা ব্যয় হতে পারে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোর উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে। নুনছড়ি এলাকায় সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘ কয়েক দশকের। অবশেষে সেতু নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমবে।









