যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের ফিরে আসাকে ‘সমস্যা’ হিসেবে দেখছেন না ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, কিছুদিন ধরে পাশের দেশ থেকে ডিজিটালি বিভিন্ন ওয়াজ নসিহত করছে– আসতেছি, আসতেছি । এতে সমস্যা নেই। কে আসবে যাবে এগুলো নিয়ে চিন্তা নাই। কিন্তু রাত–বিরাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করছেন, এইটা আপনাদের জন্য শুভকর পরিণতি বয়ে আনবে না। কিছু মাদকাসক্ত ছোট ছেলেপেলেদেরকে দিয়ে বিশৃঙ্খলা করছেন, মূলত প্রতিবাদ সেটার বিরুদ্ধেই। আসতে তো হবে, সেজন্য আমরাই আমরা আবেদন করেছি, আমরাই ভারত সরকারকে বলেছি, আমরাই ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছি, কারণ দণ্ডিত ফাঁসির আসামি কোনো দেশে থাকতে পারে না। তিনি গতকাল বুধবার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। শেষে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।
মীর হেলাল বলেন, বাংলাদেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টি করতে চান তারা পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে হবে না। আমাদের সরকার মানবাধিকার লঙ্ঘন করছে না বিধায় এখনো দুই–চারটা লোক টুঙ্গিপাড়ায় যোগাযোগ করছে। না হলে চট্টগ্রাম মহানগরের ৪১টা ওয়ার্ডের পাঁচটা–দশটা ওয়ার্ড পাঠালে টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়ার জায়গা থাকত না।
মীর হেলাল বলেন, আপনাদের প্রতিপক্ষ বাংলাদেশে কেউ নেই, আপনারা তো নিষিদ্ধ সংগঠন। আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই দেশের জনগণ। আপনারা পালিয়েছেন গণহত্যার দায় নিয়ে। আপনাদেরকে অবশ্যই দেশে আসতে হবে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সাজা হয়েছে, সেজন্য অবশ্যই আপনাদের বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করব। তার মানে সমস্যা আসা–যাওয়া নিয়ে নয়। সমস্যা হচ্ছে, রাতের দুইটা বাজে দুইটা ফটকা দিয়ে মানুষের ঘুম নষ্ট করে দেশ স্বাধীন করতে চাচ্ছেন, আবার একাত্তরের গীত গাইতে বসেছেন! মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন শহীদ জিয়া, আপনি গিয়ে পাকিস্তানে বসে আছেন, এই যুগে এটা হবে না।
বিএনপি’র কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর হেলাল বলেন, একটি রাজনৈতিক দলের নিশ্চুপ ভূমিকা দেখতে পাচ্ছি। টুঙ্গিপাড়ায় শুধু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ হচ্ছে, অন্য কারো উপর হচ্ছে না। তাই যা বোঝার বাংলাদেশিরা বুঝে। অসুবিধা নেই। আমরা জিয়ার সৈনিক, আমরা মরহুম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। ইনশাআল্লাহ আমরা জনগণের নিরাপত্তা এবং স্বস্তির জন্য যা যা করা দরকার সেটা আমরা করব।
প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আস্ফালন করছেন, কোথায় বসে? মামার বাড়িতে বসে, নানার বাড়িতে বসে। অথচ বিএনপি গত ১৭ বছর, ইন্টেরিমের দুই বছর– ১৯ বছর এই বাংলাদেশে নিজের দলীয় পরিচয়ে, নিজের মাথা উঁচু করে রাজপথে স্বৈরাচারবিরোধী ফ্যাসিস্টবিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। পাশের দেশে থেকে গিয়ে জুম মিটিং করে সরকার পতন করে নাই।
তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি– যদি আসলেই রাজনীতি করে থাকে, তারা না পালিয়ে বাংলাদেশের কোর্টে আত্মসমর্পণ করে এখানে রাজনীতি করার সুযোগ খুঁজত। আসলে তাদের আখের গোছানো হয়েছে, তারা কোটি কোটি লক্ষ টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকায় তারা সুখে–শান্তিতে সেখানে জীবনযাপন করছে।
মীর হেলাল দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেবেন না। সবাই নিজ নিজ এলাকায় সজাগ থাকুন। কোনো অপরাধী, কোনো দুষ্কৃতকারী যদি চোখে পড়ে আইনের হাতে তুলে দিন, তার বিচার বাংলাদেশে হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়ন নিয়ে চিন্তা করেন, জনগণের কথাই ভাবেন, জনগণের নিরাপত্তার কথাই ভাবেন। তাই জনপদে জনগণের শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড চট্টগ্রামে তো নয়ই, বাংলাদেশেও হতে দেব না ইনশাআল্লাহ।
নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিস্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়।
নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ করেননি।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন– নগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ–সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অ্যাড. ফিরোজ, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মো. আলী সাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী।












