সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক ভবনের কলাপসিবল গেটে দুর্বৃত্তের আগুন

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংক ভবনের কলাপসিবল গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের নিকটবর্তী গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া উপজেলা এরিয়া কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভবনের আবাসিক অংশে থাকা কর্মকর্তা–কর্মচারীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া উপজেলা এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান।

পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া উপজেলা এরিয়া কার্যালয় ভবনে ব্যাংকের ঢেমশা শাখাও পরিচালিত হয়। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ব্যাংক ভবনের আবাসিক অংশে কর্মকর্তা–কর্মচারীরা ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২টার দিকে ব্যাংকের একজন কর্মচারীর ঘুম ভাঙে। জানালা দিয়ে বাইরে অস্বাভাবিক আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার দেন। পরে ব্যাংকের অন্য কর্মকর্তা–কর্মচারীরা জেগে উঠে দ্রুত বের হয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া উপজেলা এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের সীমানা দেয়াল ডিঙিয়ে ভবনের কলাপসিবল গেটের ভেতরে–বাইরে দাহ্যজাতীয় কোনো পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে গেছে। এতে ভবনের গেটের পাশে বিদ্যুতের একটি তারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোতলে করে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে ব্যাংকের ভবনের কলাপসিবল গেটে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়েছে। আগুন দেওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তির আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধব্যাটিং-বোলিংয়ে হতাশা, হারের শঙ্কায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান