মইজ্জ্যারটেকে বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত ১৪, চালক আটক

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় অন্তত ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতাকর্মীদের ধাক্কা দেয়। আহতদের মধ্যে ছয়জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমি নিজেও এখন হাসপাতালে অবস্থান করছি। কলেজ বাজার সাউথ হাসপাতালে ৬ থেকে ৮ জন নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত–তা পুলিশ খতিয়ে দেখছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধজালিয়াতির মাধ্যমে ১৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ