চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব সমুহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করছেন সিজেকেএস ক্লাব সমিতি। গত সোমবার রাতে সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের আশেপাশে খেলোয়াড়দের জন্য একটি ফিজিওথেরাপী সেন্টার ও জিম নির্মানের পরিকল্পনা রয়েছে আমার। যেখানে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়রা প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত ব্যায়াম করার সুযোগ পাবে। প্রশাসক বলেন, আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম আগামীতেও থাকব। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। সভায় সিজেকেএস ক্লাব সমিতির কর্মকর্তা, সিজেকেএস অন্তর্ভুক্ত ক্লাবসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তারা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও কোন প্রকার হস্তক্ষেপ বিহীন মুক্ত পরিবেশে আসন্ন সিজেকেএস নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিগত দিনে সিজেকেএস ক্লাব সমিতিকে সহযোগিতা ও খেলার মাঠ উন্নয়ন সহ নগরীর ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












