আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। গ্রুপ লিগের প্রথম পর্ব শেষে এটি হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। গতকাল মঙ্গলবার ছিল লিগ পর্বের শেষ খেলা। এ খেলায় মরহুম ইছহাক কাদের চৌধুরী একাদশ ২৭৪ রানের বিশাল ব্যবধানে এম এস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত খেলায় এদিন এম এস ক্রিকেট একাডেমি টসে জিতে ইছহাক কাদের চৌধুরী একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় রেকর্ড সংখ্যক ৩৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবদুল্লাহ জিসান সর্বোচ্চ ৫৪ বলে ১৫৭ রান সংগ্রহ করেন। ১৮টি ছক্কা এবং ১০টি চার হাঁকান তিনি। এছাড়া সাজিবুল আলম ৪৯, শাওন তাওসিফ ৪৬ রান করেন। বল হাতে এমএস ক্রিকেট একাডেমির নারায়ণ নাথ ২৫ রানে ২টি উইকেট লাভ করেন। বিশাল রানের পাহাড়কে সামনে রেখে জবাব দিতে নেমে এম এস একাডেমি ৫.২ ওভারে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। পরবর্তীতে তারা ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানে গুটিয়ে গেলে ২৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় মরহুম ইছহাক কাদের চৌধুরী একাদশ। বিজিত দলের পক্ষে নারায়ণ নাথ সর্বোচ্চ ২৮ রান করেন। বল হাতে মরহুম ইছহাক কাদের চৌধুরী একাদশের মনিরুল হক ২৭ রানে ৩টি, সাদমান ও সাজ্জাদ ২টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ইছহাক কাদের চৌধুরী একাদশের আবদুল্লাহ সিজানের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। আজ বুধবার টুর্নামেন্টের কোন খেলা নেই। কাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১৯ ও ২০ নভেম্বর সকাল ৯টায় ও দুপুর ১টায় প্রতিদিন ২টি করে ৪টি কোয়ার্টার ফাইনাল, ২২ ও ২৩ নভেম্বর দুপুর ১টায় প্রতিদিন ১টি করে সেমিফাইনাল ও ২৮ নভেম্বর দুপুর ১২ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।












