শিক্ষাকে যুগোপযোগী করতে শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক ড. মোহিত–উল–আলম। তিনি বলেন, দেশকে সমৃদ্ধ করতে হলে প্রথমে উপযোগী প্রজন্ম গড়ে তুলতে হবে। এ জন্য প্রয়োজন বিশ্বমানের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা।
গতকাল মঙ্গলবার নগরীর বহদ্দারহাটে ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাংবাদিক ওসমান গণি মনসুরের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আনোয়ার সিদ্দিক চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক জি এম গোলাম রসূল আতিক ও পরিচালক সুলতান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহিত–উল–আলম শিক্ষক প্রশিক্ষণ, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষক–শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ওসমান গণি মনসুর বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রতিষ্ঠানটিকে বিজ্ঞানসম্মত ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











