চট্টগ্রাম ক্রমে পরিণত হচ্ছে বহুতল ভবনের নগরে। আবাসন চাহিদা, জনসংখ্যার চাপ এবং সীমিত জমির সর্বোচ্চ ব্যবহারের কারণে নগরীর বিভিন্ন এলাকায় ক্রমে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। একসময় যে এলাকায় এক–দোতলা বাড়ি ছিল প্রধান আবাসন ব্যবস্থা, সেখানে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে সাত, দশ, পনেরো, এমনকি ৩০ তলার বেশি উচ্চতার ভবনও। কিন্তু ভবনের উচ্চতা ও সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না নাগরিক সুযোগ–সুবিধা। পানি, গ্যাস, বিদ্যুৎ, পার্কিং, অগ্নিনিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। ফলে শহরের স্কাইলাইন পরিবর্তিত হলেও নগরবাসীর জীবনযাত্রার মান কতটা উন্নত হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওয়ার্ডভিত্তিক ভবনের পরিসংখ্যান অনুযায়ী, নগরের ৪১টি ওয়ার্ডে মোট ভবনের সংখ্যা ৪ লাখ ১ হাজার ৭২১টি। এর মধ্যে এক থেকে ছয়তলা বিশিষ্ট ভবন ৩ লাখ ৮৭ হাজার ৭৭৭টি। সাত থেকে দশতলা ভবন রয়েছে ১৩ হাজার ৪৮০টি। ১১ থেকে ১৫ তলা ভবনের সংখ্যা ৪১৫টি। ১৬ থেকে ২০ তলা ভবন রয়েছে ৫০টি। আর ২০ তলার বেশি উচ্চতার ভবন রয়েছে ৯টি। নগরীর ভবনের বড় অংশ এখনো ছয়তলা পর্যন্ত হলেও সাততলা বা তার বেশি উচ্চতার ভবনের সংখ্যাও কম নয়। বিশেষ করে ১১ তলা থেকে শুরু করে আরও উঁচু ভবনের উপস্থিতি নগরের আবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে এসেছে। সিডিএর একটি সূত্র বলেছে, ওয়ার্ডভিত্তিক ভবনের সংখ্যায় এগিয়ে রয়েছে চান্দগাঁও ও জালালাবাদ। চান্দগাঁও ওয়ার্ডে ভবনের সংখ্যা ২১ হাজার ৮২৯টি এবং জালালাবাদ ওয়ার্ডে ২১ হাজার ৭৭৮টি। এরপর পাহাড়তলী, পাঁচলাইশ, দক্ষিণ পাহাড়তলী ও পশ্চিম ষোলশহরের মতো এলাকা রয়েছে। অন্যদিকে দেওয়ান বাজার, ফিরিঙ্গিবাজার, আলকরণসহ কয়েকটি ওয়ার্ডে ভবনের সংখ্যা তুলনামূলক কম।
ওয়ার্ডভিত্তিক সর্বোচ্চ ভবনের উচ্চতায় ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে সর্বোচ্চ ভবনের উচ্চতা ৩২ তলা। ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে রয়েছে ২৪ তলা উচ্চতার ভবন। ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে সর্বোচ্চ ভবন ২৬ তলা। এছাড়া ১৫ নম্বর বাগমনিরাম ও ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে সর্বোচ্চ ২২ তলা ভবন রয়েছে। লালখান বাজার ও জামালখান ওয়ার্ডে সর্বোচ্চ ভবনের উচ্চতা ২১ তলা। উত্তর আগ্রাবাদ ও দক্ষিণ আগ্রাবাদে রয়েছে যথাক্রমে ২০ তলা ভবন। নগরীর পুরোনো আবাসিক এলাকার পাশাপাশি বাণিজ্যিক ও বহুমুখী ব্যবহারের এলাকাতেও বহুতল ভবনের সংখ্যা বাড়ছে। এসব ভবনে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা, বাসিন্দার সংখ্যা।
তবে ভবনের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ পানি, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য সেবা প্রয়োজন তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে বহুতল ভবনে বসবাসকারীদের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ হচ্ছে না। বিকল্প উপায়ে পানির সংস্থান করতে হচ্ছে এসব ভবনের বাসিন্দাদের। অধিকাংশ ভবনে ওয়াসার সরবরাহ করা পানি পর্যাপ্ত না হওয়ায় ডিপ টিউবওয়েলের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে। এতে পানি ব্যবস্থাপনার জন্য বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে বাসিন্দাদের। টাকা দিয়েও পানি না পাওয়ার মতো ঘটনা ঘটছে। বিশেষ করে পানির অভাবে বহুতল ভবনগুলোতে নাগরিক বিড়ম্বনা চরমে পৌঁছে। অপরদিকে অধিকাংশ ভবনে নিজস্ব ডিপ টিউবওয়েল দিয়ে পাম্পের মাধ্যমে পানি তোলার ফলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামছে। যা পরিবেশ, প্রতিবেশসহ সার্বিক জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলার শঙ্কা তৈরি হয়েছে।
নগরীতে গ্যাস সরবরাহ নিয়েও রয়েছে সংকট। আবাসিক ভবনে গ্যাস সংযোগ বন্ধ থাকায় নগরীর শত শত বহুতল ভবনে প্রাকৃতিক গ্যাসের সংযোগ নেই। এসব ভবনে নিজেদের উদ্যোগে এলপিজি ব্যবহার করে থাকে। কিন্তু এলপিজি নিয়ে লেগে থাকা সংকট বহুতল ভবনগুলোর বাসিন্দাদের বিড়ম্বনা চরমে পৌঁছায়।
বিদ্যুৎ সরবরাহ ও লিফট ব্যবস্থাপনাও বহুতল ভবনগুলোর জন্য বিড়ম্বনা তৈরি করে। নিচতলা থেকে ওপরের তলায় ওঠানামায় লিফটের ওপর নির্ভরশীল বাসিন্দাদের জন্য বিদ্যুৎ বিভ্রাট বাড়তি দুর্ভোগ তৈরি করে। জেনারেটর বা বিকল্প বিদ্যুৎব্যবস্থা থাকলেও তা পরিচালনায় বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। ভবনের উচ্চতা যত বাড়ে, লিফট, পানির পাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ অন্যান্য যান্ত্রিক সুবিধার ওপর বাসিন্দাদের নির্ভরশীলতাও তত বাড়ে। এতে বাসিন্দাদের বাড়তি খরচের পাশাপাশি বিদ্যুৎ সংকট নাগরিক দুর্ভোগের কারণ হয়ে উঠে।
চট্টগ্রামের বহুতল ভবনগুলোর আরেকটি বড় সমস্যা হচ্ছে পার্কিং। আবাসিক ভবনে ফ্ল্যাটের সংখ্যা বাড়লেও অনেক ক্ষেত্রে গাড়ি রাখার জায়গা নিয়ে সংকট তৈরি হচ্ছে। কোথাও পার্কিংয়ের জায়গা দোকান, অফিস বা অন্য কাজে ব্যবহারের ফলে রাস্তার উপর গাড়ি রাখা হয়। ভবনের বাসিন্দাদের গাড়ি রাখতে হচ্ছে সড়কের ওপর বা আশপাশের খালি জায়গায়। এতে আবাসিক সড়ক সংকুচিত হচ্ছে, যান চলাচলে বাধা তৈরি হচ্ছে এবং জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের গাড়ি প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। অফিসপাড়ার বহুতল ভবনগুলোর গাড়ি রাস্তায় রাখার ফলে শহরের সার্বিক যান চলাচলের ক্ষেত্রে নেতিবাচক আবহ তৈরি হচ্ছে। বিশেষ করে পাঁচলাইশ, খুলশী, জামালখান, লালখান বাজার, বাগমনিরাম, আগ্রাবাদ ও বাকলিয়ার মতো এলাকায় বহুতল ভবন ও আবাসিক স্থাপনার বাড়ার সাথে সাথে বাড়ছে অবৈধ পার্কিং, যা রোড ম্যানেজমেন্টের ওপর চাপ তৈরি করছে।
বহুতল ভবনের বিস্তার অগ্নিনিরাপত্তার ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে। ভবনের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন লাগলে বাসিন্দাদের নিরাপদে বের করে আনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ পরিচালনা কঠিন হয়ে ওঠে। পর্যাপ্ত জরুরি সিঁড়ি, অগ্নিনির্বাপণ যন্ত্র, ফায়ার অ্যালার্ম, পানি সংরক্ষণের ব্যবস্থা এবং জরুরি বহির্গমন পথ না থাকলে ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়। ভবনের আশপাশে পর্যাপ্ত খোলা জায়গা ও প্রশস্ত সড়ক না থাকলে দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজ চালানো সম্ভব হয় না।
নগর পরিকল্পনাবিদদের মতে, একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে শুধু ভবনের নকশা অনুমোদন বা নির্মাণের অনুমতি দিলেই দায়িত্ব শেষ হয় না। ভবন নির্মাণের সঙ্গে এলাকার সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ, গ্যাস, পার্কিং ও অগ্নিনিরাপত্তার সমন্বয় থাকতে হয়। কোনো এলাকায় বহুতল ভবন নির্মাণের আগে সেই এলাকার অবকাঠামো কত মানুষের চাপ নিতে পারবে, তা বিবেচনা করা জরুরি। অন্যথায় ব্যক্তিগতভাবে আধুনিক আবাসন তৈরি হলেও সামগ্রিকভাবে নগরজীবন আরও জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করে তারা বলেন, অলি–গলিতে ৮/১০ তলা উচ্চতার ভবনের অনুমোদন দেওয়ার অসংখ্য ঘটনা নাগরিকদের স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলছে।












