হামের ভয়, শিশুদের সুরক্ষায় টিকাকেন্দ্রে অভিভাবকদের ভিড়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৩:৫৯ অপরাহ্ণ

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যুর খবর উদ্বিগ্ন করে তুলেছে অভিভাবকদের। সন্তানকে সুরক্ষিত রাখতে কাজের ব্যস্ততা সরিয়ে রেখে টিকাকেন্দ্রে ছুটে আসছেন তাঁরা। কারও কোলে নিজের সন্তান, কেউ এসেছেন ভাই বা স্বজনের শিশুকে নিয়ে। সবার লক্ষ্য, হাম-রুবেলার টিকা দিয়ে শিশুকে সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের তুলাতলীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়। টিকা দেওয়ার অপেক্ষায় থাকা শিশুদের কেউ মায়ের কোলে, কেউ বাবার হাত ধরে। অভিভাবকদের কথায় উঠে আসে সাম্প্রতিক সময়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর খবর নিয়ে উদ্বেগ।

নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় কাজ করেন সবুজ কান্তি শীল। কর্মস্থলের ব্যস্ততা সামলে দুই সন্তানকে নিয়ে এসেছেন টিকাকেন্দ্রে। হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর খবর তাঁকে সন্তানদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবিয়েছে। তাঁর কাছে এই টিকাদান কর্মসূচি সন্তানদের নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানস্থলের পাশের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা লিপি বিশ্বাস এসেছিলেন বড় ভাইয়ের ছেলেকে নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর শিশুটিকে টিকা দিতে পেরে স্বস্তি পেয়েছেন তিনি।

চট্টগ্রামে হাম ও হামের উপসর্গে ৪০ শিশুর মৃত্যু
চট্টগ্রামে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, চসিক এলাকায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪০ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে নগরের শিশুদের টিকাদানের আওতায় আনতে বিশেষ ক্যাচআপ কর্মসূচি শুরু করেছে চসিক। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ৪১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে কর্মসূচির মেয়াদ বাড়ানো হবে বলেও জানান প্রশাসক।

চসিকের তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত নগরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। নতুন ক্যাচআপ কর্মসূচিতে আরও ৪১ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আগের কর্মসূচিতে তিন লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার পরও নতুন করে আরও ৪১ হাজার শিশুকে টিকার আওতায় আনার প্রয়োজন দেখা দিয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাওয়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়াই এবারের বিশেষ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বাদ পড়া শিশুদের খুঁজবে স্বাস্থ্যকর্মীরা
উদ্বোধনী অনুষ্ঠানে চসিক প্রশাসক বলেন, প্রতিরোধযোগ্য রোগে কোনো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ুক, তা তাঁরা চান না। টিকাদান শিশুস্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর ব্যবস্থা। এ কাজে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

কোনো শিশু যেন হাম-রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সে জন্য বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন তিনি। বিশেষ করে বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা, ভাসমান জনগোষ্ঠী এবং নিয়মিত টিকাদান কার্যক্রমের বাইরে থাকা শিশুদের প্রতি নজর দেওয়ার কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, তাঁদের লক্ষ্য শুধু সংখ্যাগত অর্জন নয়, প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করা। তথ্যের অভাব, অসচেতনতা কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে একটি শিশুও যেন টিকা থেকে বঞ্চিত না হয়, সে জন্য স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আশপাশে কোনো শিশু টিকা না পেয়ে থাকলে চসিককে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সংক্রমণের ঝুঁকি ও টিকাদানের গুরুত্ব
হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া ভাইরাস থেকে অন্যরা সংক্রমিত হতে পারে। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং পরে শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া এ রোগের সাধারণ লক্ষণ। তবে জটিলতা দেখা দিলে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা ও রোগ প্রতিরোধক্ষমতা কম এমন শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। তাই নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা জরুরি। সংক্রমণ ও শিশুমৃত্যুর খবরের মধ্যে অভিভাবকদের টিকাকেন্দ্রমুখী হওয়ার প্রবণতা এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরছে।

চসিকের নিয়মিত টিকাদান কার্যক্রম ও বিশেষ ক্যাচআপ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ সহযোগিতা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, ইউনিসেফ চট্টগ্রামের হেলথ অফিসার ডা. দেলোয়ার হোসেন, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ডা. সরোয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী এবং সার্ভেইল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার (সিমো) ডা. খাদিজা আহমেদ। এ ছাড়া চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের গলায় ছুরি ধরে ঘরে আটকে বাবা, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার