নাতনিকে কোচিংয়ে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১০ দিন পর মারা গেলেন ঝিনু রাণী দাশ (৫৬)। গতকাল সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ঝিনু রাণী দাশ সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামার বাজার এলাকার বিভীষণ দাশের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ১২ বছর বয়সী নাতনি জয়ীতা শর্মাকে নিয়ে অটোরিকশাযোগে কোচিংয়ে যাচ্ছিলেন ঝিনু রাণী দাশ। পথে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাসপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঝিনু রাণী দাশ ও তাঁর নাতনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে আইসিইউতে ভর্তি করেন। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। ঝিনু রাণী দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর আত্মীয় শেখপাড়া এলাকার বাসিন্দা অমর শীল জানান, গতকাল সোমবার দুপুরে হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের পাদদেশে অবস্থিত ব্যাসকুণ্ড শ্মশানে ধর্মীয় রীতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









